চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অজ্ঞাত ব্যক্তিদের ছুরিকাঘাতে মিজানুর রহমান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
নিহত মিজানুর রহমান চরঅনুপনগর ইউনিয়নের অনুপনগর মোল্লাপাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে (৩০ সেপ্টেম্বর, বুধবার) বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে দশরশি এলাকার ‘নাইস’ নামের একটি ইটভাটায় মিজানুর রহমানকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বুধবার সকাল ৬টার দিকে স্থানীয়রা ইটভাটার চিমনির পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সকাল সাড়ে ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় কয়েকজনের দাবি, ওই ইটভাটায় মাদক সেবনের ঘটনা ঘটে। তবে মিজানুর রহমানকে মাদকসংক্রান্ত কোনো বিরোধের জেরে হত্যা করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, নিহত মিজানুর রহমানের কপাল ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আব্দুল বাদী বলেন, নিহত যুবকের মাদকসংশ্লিষ্টতা ছিল বলে স্থানীয়ভাবে শোনা গেছে। রাত ১২টার দিকে মোবাইল ফোনে তাঁকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
সংশ্লিষ্ট ইউপি সদস্য মফিজ উদ্দিন ও গ্রাম পুলিশ মঞ্জুর আলীও নিহতের মাদকসংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, নিহতের স্ত্রীর কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, রাতের দিকে ফোন করে মিজানুরকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। রাত ২টার পর তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তবে মাদকসংক্রান্ত কোনো বিরোধ, নাকি অন্য কোনো কারণে মিজানুর রহমানকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত করছে পুলিশ।