সকালের নাশতায় প্রতিদিন ডিম আর রুটি খেতে খেতে একঘেয়ে লাগছে? তাহলে পরিচিত এই দুই উপকরণেই বানিয়ে ফেলুন মজাদার ডিম-রুটির পিজা। রুটি, ডিম ও সবজির সঙ্গে পনিরের দারুণ স্বাদে তৈরি এই খাবারটি যেমন সহজ, তেমনই শিশুদের নাশতায় পুষ্টিকর উপাদান যোগ করারও চমৎকার উপায়।
উপকরণ
ডিম ৩টি, রুটি ৩টি, টমেটো কুচি ২টি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পনির পরিমাণমতো, ধনেপাতা কুচি, গোলমরিচ গুঁড়ো, অরিগানো, চিলি ফ্লেক্স, লবণ ও বাটার পরিমাণমতো। চাইলে এর সঙ্গে সামান্য গাজর কুচিও দিতে পারেন।
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিন। রুটিগুলো ছোট ছোট টুকরো করে ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, লবণ ও সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। ফ্রাইপ্যানে বাটার গরম করে ডিম-রুটির মিশ্রণটি ঢেলে সমানভাবে ছড়িয়ে দিন। চুলার আঁচ একেবারে কম রেখে ঢাকনা দিয়ে ৩–৪ মিনিট রান্না করুন। এরপর সাবধানে উল্টে দিন। ওপরের দিকে টমেটো সস ছড়িয়ে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো কুচি সাজিয়ে দিন। আবারও পনির ছড়িয়ে অরিগানো ও চিলি ফ্লেক্স দিয়ে ঢেকে আরও ২ মিনিট হালকা আঁচে রান্না করুন। পনির গলে গেলে চুলা বন্ধ করে নামিয়ে নিন। এরপর পিজার মতো ত্রিভুজ করে কেটে গরম গরম পরিবেশন করুন মুচমুচে ও সুস্বাদু ডিম-রুটির পিজা।