চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই কলেজশিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে গোবরাতলা ইউনিয়নের দিয়াড় ধাইনগর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মহিপুর ভাটোপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে ও নবাবগঞ্জ সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম সান (১৮) এবং একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে ও মহিপুর কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাব্বির রহমান (১৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে গ্রামের মাঠে ফুটবল খেলার পর চার বন্ধু একসঙ্গে মহানন্দা নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে দুজন তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা সান ও সাব্বির নদীর পানিতে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুজনকে নদী থেকে তুলে আনেন। তবে তখন তারা আর বেঁচে ছিলেন না।
গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু এবং ইউপি সদস্য ইউসুফ আলী জানান, তীরে উঠতে পারা দুই বন্ধু ডুবে যাওয়া সান ও সাব্বিরকে উদ্ধারের চেষ্টা করলেও সফল হয়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নৌ পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে।
নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বলেন, দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।