চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
নতুন শনাক্ত রোগীদের মধ্যে ২৫ জন জটিল রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৮ জন নারী।
অন্যদিকে, ২৩ জন সাধারণ ডেঙ্গু রোগীকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ২৪ জন এবং শিবগঞ্জ, গোমস্তাপুর ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন করে মোট ২৭ জন ডেঙ্গু রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এদিকে, অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে দুজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নতুন রোগী ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন। তাঁদের মধ্যে ৪৬ জন পুরুষ ও ২৫ জন নারী।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার সকাল পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলায় মোট ১ হাজার ৫৮৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।
ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় জনসাধারণকে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্টরা।