চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে GPMS কর্মপরিকল্পনার আওতায় বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক বিষয়ে ফ্যামিলি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) চাঁপাইনবাবগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের সভাকক্ষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোসা. সাহিদা আখতার এবং সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
সমাবেশে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহারে বর্ণিত বিভিন্ন প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকার কর্মসূচি—ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ, হাম ও ডেঙ্গু প্রতিরোধ, নৈতিক অবক্ষয় রোধ এবং মানবিক মূল্যবোধ সৃষ্টিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাল্যবিবাহ, মাদকের অপব্যবহার, যৌতুক, নারী নির্যাতন ও কন্যাশিশুর প্রতি বৈষম্য প্রতিরোধে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ, পলিথিন বর্জন, শিশুদের মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং সামাজিক ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
এ সময় সুষম খাদ্য গ্রহণ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন সম্পর্কেও সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে একটি সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।