চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৬৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ৩৪ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ৩৩ জনের মধ্যে ২৪ জন পুরুষ ও ৯ জন নারী। তাদের মধ্যে ২৫ জন ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে, ২ জন শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৩ জন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১ জন ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
অন্যদিকে, ৩৪ জন সাধারণ ডেঙ্গু রোগীকে জেলা হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, চারজন রোগীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে জেলা হাসপাতালের তিনজন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন রোগী রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল থেকে ৩১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতাল থেকে ২৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
নতুন ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৬৩ জন পুরুষ ও ২৫ জন নারী।
বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে মোট ১ হাজার ৩৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলা হাসপাতালে ১ হাজার ২১০ জন, শিবগঞ্জে ৬১ জন, গোমস্তাপুরে ৩৩ জন, নাচোলে ২৪ জন এবং ভোলাহাটে ৪১ জন আক্রান্ত হয়েছেন।