চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি, পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে নবাবগঞ্জ সরকারি কলেজ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।
নবাবগঞ্জ সরকারি কলেজে আয়োজিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ।
অনুষ্ঠান শেষে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে একটি র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়।
পরে কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুমুক্ত পরিবেশ বজায় রাখতে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো. নিয়ামত আলী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
অন্যদিকে, ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা। সকাল ১০টায় পৌর চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মসজিদপাড়া মহল্লা প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় নাগরিকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, রাস্তার আশপাশের ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থলে ওষুধ ছিটিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।
র্যালি শেষে পৌরসভা প্রাঙ্গণে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে পৌর নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ ও মশক নিধন কার্যক্রম অব্যাহত রয়েছে। পাশাপাশি এডিস মশার বংশবিস্তারস্থল ধ্বংসে কার্যক্রম চলছে।
তিনি বলেন, পৌরসভাকে সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশে রাখতে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুর ইসলাম, শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা আহসান হাবীব, স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, কনজারভেন্সি ইন্সপেক্টর রোজিবুল হক, চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক ও সম্পাদক আব্দুল আজিজ খানসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।