বুধবার ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 09, 2026
September 09, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে নারীদের মধ্যেও মাদক ছড়িয়ে পড়ছে: জেলা প্রশাসক

Published: September 09, 2026 at 03:29 PM
চাঁপাইনবাবগঞ্জে নারীদের মধ্যেও মাদক ছড়িয়ে পড়ছে: জেলা প্রশাসক

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেছেন, পুরুষের পাশাপাশি নারীরাও মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নারীরাও আটক হচ্ছেন। অনেকে মাদক ব্যবসাকে জীবিকা হিসেবে বেছে নিচ্ছেন।

বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের ভূমিকা, সচেতনতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, মাদক একটি নীরব ঘাতক। এটি শুধু একজন ব্যক্তির জীবন নয়, পুরো পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে। সীমান্তবর্তী জেলা হওয়ায় বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অন্য দেশ থেকে চাঁপাইনবাবগঞ্জে মাদক প্রবেশ করছে। এসব সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

তিনি পরিবারকে সন্তানদের প্রতি বিশেষ নজর রাখার আহ্বান জানিয়ে বলেন, মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বন্ধুদের প্ররোচনা, কৌতূহল, হতাশা ও পারিবারিক কলহের কারণে অনেকে মাদকে জড়িয়ে পড়েন। এসব পরিস্থিতিতে মাদককে সমাধান হিসেবে না নিয়ে কাউন্সেলর বা বিশ্বস্ত মানুষের সহায়তা নিতে হবে।

শিক্ষকদের বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে তিনি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দেওয়া হয় এবং শিক্ষার্থীরা মাদকবিরোধী শপথ নেন। এ সময় তারা প্রতীকী ‘লাল কার্ড’ প্রদর্শন করেন।