চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে ট্রাফিকসহ বিভিন্ন আইনের প্রাথমিক ধারণা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার শিক্ষার্থীদের মধ্যে আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে জেলা ট্রাফিক পুলিশ এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সচেতন নাগরিক। তাই প্রত্যেকেরই প্রচলিত আইন সম্পর্কে ধারণা থাকা জরুরি। ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে। জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও ট্রাফিক সিগনালের সঠিক ব্যবহার সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, ট্রাফিক আইন অমান্য করলে দুর্ঘটনার পাশাপাশি জরিমানা, লাইসেন্স বাতিলসহ বিভিন্ন আইনি জটিলতার মুখে পড়তে হয়। তাই নিজের ও অন্যের নিরাপত্তায় সবাইকে আইন মেনে চলতে হবে।
কর্মশালায় ‘সততা স্টোর’, মাদক ও ধূমপান প্রতিরোধ, যৌতুক, বাল্যবিয়ে, ইভটিজিং ও ব্যাড টাচ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
এ সময় কলেজের অধ্যক্ষ ফাতেমা খানম, এএসপি (প্রবেশনাল), ট্রাফিক ইন্সপেক্টর, ট্রাফিক পুলিশ সদস্য ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।