জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং খরা-সহনশীল কৃষি প্রযুক্তির বিস্তারে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯টায় রানীহাটি ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রীন ক্লাইমেট ফান্ডের (জিসিএফ) সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণে ২০ জন সিসিএজি সদস্য অংশগ্রহণ করেন। এতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন এবং খরা-সহনশীল কৃষি কৌশল সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেওয়া হয়।
এ ছাড়া খরা-সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণের বিভিন্ন কৌশল নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন হটিকালচার সেন্টার, কল্যাণপুর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক কৃষিবিদ মো. খালেদুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শামসুল আলম এবং প্রকল্পের কৃষিবিদ মো. ফয়জুল হক।
বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।
প্রশিক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহিত করা। এ সময় ভার্মিকম্পোস্ট তৈরির পদ্ধতি ও এর উপকারিতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় পরিচালিত ঋণ কার্যক্রম সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন ইউনিট-১০-এর শাখা ব্যবস্থাপক মো. আরমান।
কর্মশালায় সহযোগিতা করেন সিএমও সিভিল মো. রোকনুজ্জামান। প্রশিক্ষণ কার্যক্রম সমন্বয় করেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ খরা পরিস্থিতিতে কৃষির সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে এবং নতুন প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব কৃষি পদ্ধতি গ্রহণে তাদের উৎসাহিত করবে।