রবিবার ০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 06, 2026
September 06, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে বিপিএইচসিডিএ’র মতবিনিময় ও সমন্বয় সভা

Published: September 06, 2026 at 12:25 PM
চাঁপাইনবাবগঞ্জে বিপিএইচসিডিএ’র মতবিনিময় ও সমন্বয় সভা

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. ময়েজ উদ্দীন। সভায় প্রধান অতিথি ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল। এ সময় বক্তব্য দেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মোকাদেছ আলী মজুমদার শাহীন, রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. এস এম এম মান্নান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল রাজা এবং বিপিএইচসিডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম ডলার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।

সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের উন্নত সেবা নিশ্চিত করা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রচলিত নিয়ম-কানুন মেনে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। রোগীদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা আরও বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পাশাপাশি চিকিৎসাসেবার মান উন্নয়নে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোগীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার পরিবেশ আরও উন্নত করার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

মতবিনিময় ও সমন্বয় সভায় বিপিএইচসিডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।