চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার লক্ষ্যে ৬ সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সকালে চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে ব্যাটালিয়নের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, সদর থানার পুলিশ পরিদর্শক শাহীনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে চরবাগডাঙ্গা সীমান্তের বিভিন্ন গ্রামের ৩৫ জন বেকার যুবক অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবি অধিনায়ক বলেন, সপ্তাহে তিন দিন হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকার বেকার যুবকরা প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। এর মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি স্বাবলম্বী হতে পারবে। একই সঙ্গে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় যুবকরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে সক্ষম হবে।
তিনি আরও বলেন, সীমান্তবাসী যুবকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও বিজিবির বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়নেও বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।