চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বাসিন্দাদের জন্য আরো একটি পানি শোধনাগার নির্মাণ হতে চলেছে। এ জন্য প্রায় ৪৭ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে আগামী অক্টোবর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত। অনুমোদিত প্রকল্প সূত্রে জানা গেছে, ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভূপৃষ্ঠস্থ পানি পরিশোধনপূর্বক পাইপলাইনের মাধ্যমে সরবরাহ ও নিরাপদ স্যানিটেশন প্রকল্প’ শীর্ষক প্রকল্পটি পরিকল্পনা মন্ত্রী গত ৩১ আগস্ট অনুমোদন দিয়েছেন। স্থানীয় সরকার বিভাগের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে। ‘চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভূপৃষ্ঠস্থ পানি পরিশোধনপূর্বক পাইপলাইনের মাধ্যমে সরবরাহ ও নিরাপদ স্যানিটেশন প্রকল্প’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এই প্রকল্পে যা যা আছে: এই প্রকল্পের অধীন রয়েছে ১ একর ভূমি অধিগ্রহণ, ৪০০ ঘনমিটার প্রতিঘণ্টার একটি সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ৬৮০ ঘনমিটারের ওভারহেড ট্যাংক, পাইপলাইন নির্মাণ ইত্যাদি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নগর পরিকল্পনা বিদ ইমরান হোসেন জানান, মহানন্দা নদীর পানি উত্তোলন করে পরিশোধনের মাধ্যমে পৌরবাসীকে সরবরাহ দেয়া হবে। মহানন্দা নদীর রাবার ড্যামের সামান্য ভাটিসহ কয়েকটি স্থান প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগের বিশেষজ্ঞরা ফিজিবিলিটি টেস্ট করে যেখানে সুপারিশ করবেন সেখানে জমি অধিগ্রহণ করে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি নির্মাণ করা হবে।
এই প্ল্যান্টটি নির্মাণ কাজ বাস্তবায়ন শেষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বহু মানুষ আর্সেনিকমুক্ত বিশুদ্ধ পানি সরাবরাহ পাবে। ফলে পানি বাহিত অনেক রোগবালাইও কমে যাবে। ভূগর্ভস্থ পানির ওপর অনেকটাই চাপ কমবে।
প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ভূগর্ভের পানিতে কোনো কোনো এলাকায় মাত্রাতিরিক্ত আর্সেনিক ও লবণাক্ততা থাকায় পানি পান করা তো দূরের কথা গৃহস্থালির কাজে ব্যবহারও অযোগ্য হয়ে পড়ে। খরা মৌসুমে ঠিক মত পানি পাওয়া যায়না। এমন অবস্থায় পৌরসভা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই আরো একটি সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য চেষ্টা করে আসছিল।