শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
September 02, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

জন্মাষ্টমী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময়

Published: September 02, 2026 at 03:35 PM
জন্মাষ্টমী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপারের মতবিনিময়

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও আয়োজকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশ আয়োজিত এ সভা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

সভায় জন্মাষ্টমী উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শোভাযাত্রার নিরাপত্তা, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং সংশ্লিষ্ট সবার পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের একটি বড় ধর্মীয় উৎসব। এ উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তিনি সবাইকে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।

সভায় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও আয়োজক কমিটির প্রতিনিধিরা জন্মাষ্টমী উদ্‌যাপনকে ঘিরে বিভিন্ন বিষয় ও পরামর্শ তুলে ধরেন। তারা উৎসবকে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. একরামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, গোমস্তাপুর উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনতোষ চক্রবর্তী, পূজা উদ্‌যাপন পরিষদ শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দাস এবং হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি দিলীপ রায়।

এছাড়া জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।