চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরেপড়া মুক্ত করার অঙ্গীকার করেছেন জনপ্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি, ধর্মীয় নেতা, সাংবাদিক, শিক্ষক, যুব ও শিশু ফোরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় চরঅনুপনগর ইউনিয়ন পরিষদে ‘বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় ঝরেপড়া মুক্ত ইউনিয়ন ঘোষণায় আমরা অঙ্গীকারবদ্ধ’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়। চরঅনুপনগর ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান এস. আব্দুল বাদী বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশুদের ভবিষ্যৎ বিকাশে বড় বাধা। এসব সমস্যা প্রতিরোধে পরিবার, সমাজ, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিশুদের পুষ্টি, শিক্ষা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তারা।
অনুষ্ঠানে চরঅনুপনগর ইউনিয়নে বাল্যবিবাহ, শিশুশ্রম, শিশুর অপুষ্টি ও বিদ্যালয় থেকে ঝরে পড়া প্রতিরোধে একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেন সংশ্লিষ্ট অংশীজনদের প্রতিনিধিরা। এ সময় তারা নিজ নিজ অবস্থান থেকে শিশুদের সুরক্ষা ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
ইউপি চেয়ারম্যান এস. আব্দুল বাদী বাদশা বলেন, “শিশুরাই আমাদের ভবিষ্যৎ। ইউনিয়নের কোনো শিশু যেন বাল্যবিবাহ, শিশুশ্রম কিংবা বিদ্যালয় থেকে ঝরে পড়ার শিকার না হয়, সে জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসবিসি প্রকল্পের জেলা কর্মকর্তা উত্তম মন্ডল, ভিডিএস সভাপতি বাবুল আক্তার, ধর্মীয় নেতা আব্দুল রাজ্জাক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশিকুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি সাংবাদিক মো. সেলিম রেজা, ইউপি সদস্যবৃন্দ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্মকর্তারা।
এ ছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুব ও শিশু ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০০ জন মানুষ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বাল্যবিবাহ থেকে ফিরে আসা মোছা. কামনুর নাহার নিজের অভিজ্ঞতা তুলে ধরে বাল্যবিবাহের ক্ষতিকর দিক নিয়ে মতবিনিময় করেন।
কর্মসূচির শেষপর্যায়ে উপস্থিত সবাই সম্মিলিতভাবে চরঅনুপনগর ইউনিয়নকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরেপড়া মুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।