শুক্রবার ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ২৮ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 11, 2026
August 26, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারে পাচারের সময় এস্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার

Published: August 26, 2026 at 03:55 PM
চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারে পাচারের সময় এস্কাফ সিরাপসহ একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে প্রাইভেটকারে পাচারের সময় ১ হাজার ১২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ মো. সামি (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার সামি নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সোনাপুর এলাকার মৃত বদুর ছেলে।

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) ভোর পৌনে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রান্তে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু-১) টোল প্লাজা সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ স্থলবন্দরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির বনেট থেকে ১ হাজার ১২৫ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানের সময় প্রাইভেটকারে থাকা আরও এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সামি জানিয়েছে, উদ্ধার করা সিরাপগুলো ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বুধবার সন্ধ্যায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়ির বনেট থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার সামিকে বুধবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

পুলিশ জানায়, পলাতক ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।