বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 20, 2026
August 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আশরাফের মৃত্যুতে শোকসভা

Published: August 20, 2026 at 03:12 PM
অবসরপ্রাপ্ত শিক্ষক আলী আশরাফের মৃত্যুতে শোকসভা

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রাজরামপুর হামিদুল্লাহ উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বেলেপুকুর মহল্লার বাসিন্দা আলী আশরাফ বাবুর মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে ‘জ্ঞানচক্র’ পাঠচক্রের উদ্যোগে এ শোকসভার আয়োজন করা হয়। পাঠচক্রের অংশগ্রহণকারী প্রবীণ সাংবাদিক সামশুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চিকিৎসক আব্দুস সালাম, সমাজসেবী শফিকুল আলম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিব, কলেজ শিক্ষক ওয়ালিউল আজিম, সিপিবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ইসরায়েল সেন্টু, প্রয়াত আলী আশরাফের স্ত্রী আসফিয়া হাবীব, কর্মী মো. ওবায়দুল্লাহ প্রমুখ। বক্তারা বলেন, আলী আশরাফ ছিলেন একজন দক্ষ ও নিবেদিত শিক্ষক। তিনি ‘জ্ঞানচক্র’ পাঠচক্রের নিয়মিত আলোচক ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ শহরে জ্ঞানচর্চার পরিমণ্ডলে একজন সক্রিয়, সজ্জন ও সমাজমনস্ক ব্যক্তি হিসেবে তাঁর পরিচিতি ছিল। তাঁর মৃত্যুতে জ্ঞানচর্চা ও সামাজিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

আলী আশরাফ বাবু গত ১২ আগস্ট বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের অক্ট্রয় মোড় বেলেপুকুর মহল্লার বাসিন্দা ছিলেন।

শিক্ষকতার পাশাপাশি গণমাধ্যমের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন আলী আশরাফ। রেডিও মহানন্দা ৯৮.৮ এফএমের প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি প্রতিষ্ঠানটির শুভাকাঙ্ক্ষী ও নিয়মিত শ্রোতা ছিলেন। জনপ্রিয় ফোক গানের অনুষ্ঠান ‘নিক্কন’-এ দীর্ঘদিন কথাবন্ধু হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। প্রতি মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো।

এ ছাড়া ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম-মৃত্যু ও বিভিন্ন দিবস নিয়ে নির্মিত জনপ্রিয় অনুষ্ঠান ‘ফিরে দেখা’-এর প্রযোজক হিসেবেও কাজ করেছেন আলী আশরাফ।