চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর মডেল থানার সুন্দরপুর ইউনিয়নের ছোট মরাপাগলা গ্রামের একটি সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন—চরবাগডাঙ্গা শুকনাপাড়া এলাকার আশরাফুলের ছেলে সাইফুল ইসলাম এবং একই এলাকার কবিরুল ইসলামের ছেলে সিফাত আলী।
জেলা পুলিশের প্রেস নোটে জানানো হয়, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২ কেজি ৩২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে প্রেস নোটে জানানো হয়েছে।
মাদকবিরোধী অভিযানের বিষয়ে জেলা পুলিশ জানিয়েছে, যুবসমাজসহ সর্বস্তরের মানুষকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে অভিযান অব্যাহত থাকবে। মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে দেওয়ার জন্য জেলার বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখার কথাও জানানো হয়েছে।