বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
শাহ নেয়ামতুল্লাহ কলেজে একাদশের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শিবগঞ্জে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিধনে চলছে অভিযান : ২ নম্বর ওয়ার্ডে মিলেছে লার্ভা চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত একটি শোক সংবাদ---------- শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন রাজশাহীতে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে প্রায় ২ কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার শিবগঞ্জে কাঠমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে সরকারি কলেজের ছাদে পরিচ্ছন্নতাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
Printed on: September 24, 2026
August 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর চালু বাস-ট্রাক

Published: August 20, 2026 at 01:32 PM
চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর চালু বাস-ট্রাক

শ্রমিক-মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে সব রুটে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চলাচল সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে। তবে সংকটের স্থায়ী সমাধান হয়নি। ফলে যেকোনো সময় আবারও পরিবহন বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলার দূরপাল্লা, আন্তঃজেলা ও অভ্যন্তরীণ সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল। এ সময় সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি করা পণ্যসহ অন্যান্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানও চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পাশাপাশি জেলা শহরের সোনামসজিদ ও রাজশাহী মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বাস ও ট্রাক মালিক-শ্রমিক সূত্র এবং সরেজমিনে জানা গেছে, দুই পক্ষের শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ বিরোধের জেরে বুধবার (১৯ আগস্ট) রাতে পূর্বঘোষণা দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেয় ‘জেলা পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় কমিটি’। জেলা বাস মালিক গ্রুপ, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজি. ৪৭৪), জেলা কোচ, মিনিবাস, বাস পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি. ৩৪১৩)সহ কয়েকটি সংগঠনের সমন্বয়ে কমিটিটি গঠিত।

সমন্বয় কমিটির অভিযোগ, জেলা শহরের হরিপুর এলাকায় রাজশাহী মহাসড়কে ‘জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন’ (রেজি. ৩০৬৩) বেআইনিভাবে যাত্রী ও পণ্যবাহী বাস-ট্রাক দাঁড় করিয়ে গাড়ি ভাঙচুর, স্টাফদের মারধর এবং নিয়মবহির্ভূতভাবে চাঁদা আদায় করছে। তাদের দাবি, গত দুই বছর ধরে এ সমস্যা চললেও গত মঙ্গলবার (১৮ আগস্ট) তা আবারও শুরু হয়।

জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (৪৭৪) সভাপতি সাইদুর রহমান বলেন, ‘জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন (৩০৬৩) বারবার সড়কে বিশৃঙ্খলা করছে। এ বিষয়ে আগেও বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কিন্তু স্থায়ী সমাধান হয়নি। ওই সংগঠনের কর্মকাণ্ডে বাধ্য হয়ে আবারও পরিবহন বন্ধ করতে হয়েছে।’

তিনি বলেন, যাত্রী ও পণ্য সরবরাহের বিষয়টি বিবেচনা করে এবং প্রশাসনের আশ্বাসে পরিবহন চালু করা হয়েছে। তবে দাবি-দাওয়া পূরণ না হলে আবারও পরিবহন বন্ধ হতে পারে।

জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হামিদুর রহমান নান্নু বলেন, জেলা ও পুলিশ প্রশাসনের আশ্বাসে প্রায় সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর পরিবহন চলাচল শুরু হয়েছে। তবে কোনো স্থায়ী সমঝোতা হয়নি। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে সদর থানায় সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জেলা বাস, মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি. ৩০৬৩) সভাপতি শহিদুল ইসলাম। তিনি বলেন, হরিপুরে বাসপ্রতি ৩০ টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হয় সংগঠন পরিচালনার জন্য। বিষয়টি সবাই জানে। এটি চাঁদাবাজি নয়। শ্রমিকদের মারধর কিংবা বাস-ট্রাক ভাঙচুরের অভিযোগও সত্য নয় বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, দুই পক্ষের বিরোধ মেটাতে পুলিশ তাদের নিয়ে বৈঠক করেছে। তবে উভয় পক্ষের অনড় অবস্থানের কারণে স্থায়ী সমাধান হয়নি। সমস্যা সমাধানে চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে সড়কে কোনো পক্ষেরই কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই বলেও জানান তিনি।