বৃহস্পতিবার ১৫ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 15, 2026
August 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত সব নৌযানের ডাটাবেজ তৈরির লক্ষ্যে র‌্যালি

Published: August 19, 2026 at 02:11 PM
চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত সব নৌযানের ডাটাবেজ তৈরির লক্ষ্যে র‌্যালি

চাঁপাইনবাবগঞ্জে ইঞ্জিনচালিত সব নৌযানের ডাটাবেজ তৈরির লক্ষ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে নৌযান শুমারি ২০২৬। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

র‌্যালিতে আরও অংশ নেন জেলা পরিসংখ্যান ব্যুরোর উপপরিচালক রাজীব কুমার কর্মকার, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম এবং গোদাগাড়ী নৌপুলিশের কনস্টেবল খাইরুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

নৌপরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) যৌথভাবে দেশে প্রথমবারের মতো সমুদ্রগামী, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমায় চলাচলকারী ইঞ্জিনচালিত সব নৌযানের ডাটাবেজ তৈরির উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও নৌযান শুমারি পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা জানান, নৌযান শুমারি ২০২৬-এর মূল তথ্যসংগ্রহ কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, শুমারির গুরুত্ব ও উদ্দেশ্য সম্পর্কে জনগণকে অবহিত করা এবং শুমারিকর্মীদের প্রয়োজনীয় তথ্য প্রদানে উৎসাহিত করতেই এ র‌্যালির আয়োজন করা হয়েছে।

শুমারির মাধ্যমে দেশের নৌযান খাতের একটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ তথ্যভান্ডার তৈরির পাশাপাশি ভবিষ্যতে এ খাতের পরিকল্পনা ও নীতিনির্ধারণে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।