চাঁপাইনবাবগঞ্জে আগামী ২১ আগস্ট থেকে শুরু হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। জেলার নতুন স্টেডিয়ামে টুর্নামেন্টের সবগুলো খেলা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছে এরফান গ্রুপ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার পাঁচটি উপজেলা দলের অংশগ্রহণে আগামী ২১ আগস্ট থেকে নতুন স্টেডিয়ামে টুর্নামেন্ট শুরু হবে। দল গঠনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। টুর্নামেন্টের সময়সূচি (ফিকশচার) যথাসময়ে জানানো হবে।
আয়োজকরা জানান, ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ চাঁপাইনবাবগঞ্জ’ নামে এ প্রতিযোগিতা পরিচালিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এবং জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কমিটি প্রণীত বাই-লজ অনুযায়ী টুর্নামেন্ট পরিচালনা করা হবে।
পাঁচটি উপজেলা দল নিয়ে লীগ পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। লীগ পর্ব শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুটি দল ফাইনালে মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচের সময় হবে ৯০ মিনিট—দুই অর্ধে ৪৫ মিনিট করে এবং মধ্যবর্তী বিরতি থাকবে ১৫ মিনিট। লীগের খেলায় জয়ী দল পাবে ৩ পয়েন্ট এবং ম্যাচ ড্র হলে উভয় দল ১ পয়েন্ট করে পাবে।
প্রতিটি দলে সর্বোচ্চ ২৫ জন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ থাকবে। টুর্নামেন্টে নিজ নিজ উপজেলার স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট উপজেলা দলের হয়ে অংশ নিতে পারবেন। কোনো উপজেলার খেলোয়াড় অন্য উপজেলার হয়ে খেলতে পারবেন না।
আগামী ১৮ আগস্টের মধ্যে প্রতিটি দলের ২৫ জন খেলোয়াড়ের রেজিস্ট্রেশন ফরম পূরণ করে জমা দিতে হবে। এর সঙ্গে খেলোয়াড়দের জন্মনিবন্ধন সনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রত্যেক খেলোয়াড়ের বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
এছাড়া প্রতিটি দলের ১ জন ম্যানেজার, ১ জন সহকারী ম্যানেজার, ১ জন কোচ, ১ জন সহকারী কোচ এবং ১ জন কর্মকর্তার রেজিস্ট্রেশন ফরম পূরণ করে তাঁদের জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরিত খেলোয়াড় রেজিস্ট্রেশন ফরম ও খেলোয়াড় তালিকা ফাইল আকারে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে জমা দিতে হবে।