চাঁপাইনবাবগঞ্জ শহরে র্যাবের অভিযানে জাল মুদ্রা তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় কারখানা থেকে ৪৩ লাখ ৪৫ হাজার ৬০০ জাল ভারতীয় রুপি ও জাল মুদ্রা তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে।
গ্রেপ্তাররা হলেন—চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তসিকুল ইসলাম (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার শামীম আলী (৩২)। তবে অভিযানের সময় চক্রটির মূলহোতা হিসেবে পরিচিত খান সাহেব (৪০) পালিয়ে যান।
র্যাব জানায়, শনিবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালানো হয়। সেখানে ভাড়া নেওয়া একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ জাল ভারতীয় রুপি ও জাল বিদেশি মুদ্রা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় তসিকুল ও শামীমকে হাতেনাতে আটক করা হয়।
রোববার (৯ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ জানান, চক্রটির অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।