চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২০ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৬০ সিসি টিভিএস অ্যাপাচি আরটিআর মোটরসাইকেলও জব্দ করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চৌডালা ইউনিয়নের চার উদয়নগর গ্রামে টহলকালে তেলপাম্পের সামনে অভিযান চালিয়ে মোটরসাইকেলের তেলের ট্যাংক ও ফিল্টারের ফাঁকা স্থানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি হলেন শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া এলাকার রবিউল ইসলামের ছেলে রুবেল আলী (২৯)।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোমস্তাপুর থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া সিডিএমএস যাচাইয়ে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চোরাচালান, চুরি ও মাদক আইনে মোট ছয়টি মামলা বিচারাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।