বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
পড়াশোনা চালিয়ে যেতে চাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও, ঠেকল বাল্যবিয়ে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা চাঁপাইনবাবগঞ্জে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে চায়না দুয়ারি জাল সহ ২জন গ্রেফতার গোমস্তাপুরে ২০ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বিশ্বকাপ বিক্রির সিদ্ধান্তে ক্ষুব্ধ এশিয়ান ফুটবল তোপের মুখে ফিফা ২০ ঘণ্টার অস্ত্রোপচারে ফিরলো জন সিনার চুল! কী এই হেয়ার ট্রান্সপ্লান্ট? জলবায়ু-সহনশীল উন্নয়নে পিকেএসএফের ‘GREEN’ প্রকল্প, উপকৃত হবে ২.৫৮ লাখ পরিবার যুক্তরাষ্ট্র-ইরানকে ফের আলোচনায় আনতে সর্বোচ্চ চেষ্টা করছে পাকিস্তান
Printed on: July 30, 2026
July 30, 2026
জাতীয়
জাতীয়

জলবায়ু-সহনশীল উন্নয়নে পিকেএসএফের ‘GREEN’ প্রকল্প, উপকৃত হবে ২.৫৮ লাখ পরিবার

Published: July 30, 2026 at 01:13 PM
জলবায়ু-সহনশীল উন্নয়নে পিকেএসএফের ‘GREEN’ প্রকল্প, উপকৃত হবে ২.৫৮ লাখ পরিবার

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) Growth for Climate Resilient and Environmental Entrepreneurship and Nutrition (GREEN) প্রকল্পের উদ্বোধন করেছে। ২০২৬ থেকে ২০৩১ মেয়াদে বাস্তবায়িত এ প্রকল্পের আওতায় দেশের হাওর, উপকূল, বরেন্দ্র ও চরাঞ্চলসহ বিভিন্ন অঞ্চলের ২ লাখ ৫৮ হাজারের বেশি পরিবার সরাসরি উপকৃত হবে।

বুধবার (৩০ জুলাই) ঢাকার পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। অনুষ্ঠানে প্রকল্প গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে বক্তব্য দেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং প্রকল্পের বিস্তারিত উপস্থাপন করেন উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান। এছাড়া উপ-ব্যবস্থাপনা পরিচালক একিউএম গোলাম মাওলা, মোঃ মশিয়ার রহমান ও মুহম্মদ হাসান খালেদ পিকেএসএফ-এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পে মোট ২১১ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এর মধ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ৭০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে। বাকি অর্থায়ন করবে পিকেএসএফ ও সহযোগী সংস্থাসমূহ।

প্রকল্পের মাধ্যমে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, নারী, যুব, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা, সবুজ প্রযুক্তি, টেকসই উদ্যোক্তা উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা এবং সহযোগী সংস্থাগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে কাজ করা হবে।

অনুষ্ঠানে মোঃ ফজলুল কাদের বলেন, “GREEN প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ খাতকে একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরিত করতে পিকেএসএফ কাজ করবে। ডিজিটাল ফাইন্যান্সিং, এগ্রো-ইকোলজিক্যাল কৃষি, কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ, স্থানীয় পর্যায়ে অ্যাগ্রো-প্রসেসিং, কৃষিপণ্যে মূল্য সংযোজন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যব্যবস্থা, সৌরশক্তির ব্যবহার এবং সার্কুলার ইকোনমির প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।” তিনি আরও বলেন, ক্রিয়েটিভ ইকোনমি ও ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সহযোগী সংস্থাসমূহের নির্বাহী প্রধান ও প্রতিনিধিরা উপকূলীয় নারীদের জন্য কুটির শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও বাজার-সংযোগ, শিল্পদূষণ ও কার্বন নিঃসরণ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সমাধান, হাওরাঞ্চলে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা এবং কৃষকদের জন্য বীমা ও ঝুঁকি তহবিল গঠনের সুপারিশ করেন।

পিকেএসএফের মতে, জলবায়ু-সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ এবং পুষ্টি উন্নয়নকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার মাধ্যমে GREEN প্রকল্প দেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।