মঙ্গলবার ০২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৬ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: June 02, 2026
June 02, 2026
বিনোদন
বিনোদন

১ মিলিয়ন বাজেটে ১০০ মিলিয়ন আয়! কী আছে এই সিনেমায়

Published: June 02, 2026 at 02:32 PM
১ মিলিয়ন বাজেটে ১০০ মিলিয়ন আয়! কী আছে এই সিনেমায়

হলিউডে সাফল্যের জন্য সাধারণত বিশাল বাজেট ও তারকাখচিত কাস্টকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। তবে সেই ধারণা ভেঙে দিয়েছে মাত্র ১ মিলিয়ন ডলার বাজেটের হরর সিনেমা ‘অবসেশন’। ক্যারি বার্কার পরিচালিত ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১০৮ মিলিয়ন ডলারের বেশি, যা বাজেটের শতগুণেরও বেশি। ২৬ বছর বয়সী ইউটিউবার ক্যারি বার্কার ‘দ্যাটস আ ব্যাড আইডিয়া’ নামের একটি ইউটিউব চ্যানেলে কমেডি ভিডিও নির্মাণের মাধ্যমে নিজের পথচলা শুরু করেন। সেখানেই তিনি গল্প বলা, সম্পাদনা ও নির্মাণের নানা কৌশল আয়ত্ত করেন। পরে ২০২৪ সালে মাত্র ৮০০ ডলার বাজেটে নির্মাণ করেন ‘মিল্ক অ্যান্ড সিরিয়াল’, যা ইউটিউবে ভাইরাল হয়ে তাঁকে পরিচিতি এনে দেয়। ২০২৫ সালে নির্মিত ‘অবসেশন’ প্রথম প্রদর্শিত হয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘মিডনাইট ম্যাডনেস’ বিভাগে। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ার পর ছবিটির স্বত্ব কিনে নেয় ফোকাস ফিচারস। মুক্তির আগে বিশ্লেষকদের প্রত্যাশার চেয়েও ভালো ব্যবসা করে ছবিটি। প্রথম সপ্তাহে আয় করে ১৭ দশমিক ২ মিলিয়ন ডলার। দর্শকদের মুখে মুখে প্রচারণার কারণে দ্বিতীয় সপ্তাহে আয় আরও ৩৯ শতাংশ বেড়ে যায়। বর্তমানে ছবিটির বৈশ্বিক আয় ১০৮ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। ছবিটির সাফল্যের মূল কারণ হিসেবে ধরা হচ্ছে এর রহস্যময় পরিবেশ, শক্তিশালী গল্প এবং দর্শকের মনে অস্বস্তি তৈরি করার ক্ষমতাকে। বড় কোনো তারকা বা ব্যয়বহুল ভিজ্যুয়াল ইফেক্টস ছাড়াই ছবিটি দর্শকদের মন জয় করেছে। হরর সিনেমার প্রযোজক জেসন ব্লাম ইতোমধ্যে বার্কারের নতুন প্রকল্পে সহযোগিতার ঘোষণা দিয়েছেন। তিনি ‘অ্যানিথিং বাট গোস্টস’ নির্মাণের পাশাপাশি ‘দ্য টেক্সাস চেইন স ম্যাসাকার’র নতুন সংস্করণ নিয়েও কাজ করছেন।