বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 28, 2026
May 28, 2026
বিনোদন
বিনোদন

যারা পাঁচটা সিনেমাও করেনি তারাও বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

Published: May 28, 2026 at 09:44 AM
যারা পাঁচটা সিনেমাও করেনি তারাও বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে শিল্পীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পারাজ। একইসঙ্গে চলচ্চিত্র অঙ্গনে ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে চলাফেরার প্রবণতা নিয়েও মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিল্পীদের নিরাপত্তা নিয়ে অতীতে তেমন কোনো প্রয়োজন ছিল না। তবে সাম্প্রতিক সময়ে কিছু নিরাপত্তা ব্যবস্থা দেখা গেলেও, অনেক সময় এটি ব্যক্তিগত শক্তিমত্তা প্রদর্শনের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই অভিনেতার কথায়, আমাদের শিল্পীদের আসলে বডিগার্ড নিয়ে ঘোরার দরকার নেই। আমরা কখনোই বডিগার্ড নিয়ে চলি না। কিন্তু যারা পাঁচটা সিনেমাও করেনি, যাদের তেমন কোনো ক্রেজ নেই, তারাও দু-তিনজন বডিগার্ড নিয়ে ঘোরে। বাপ্পারাজ জানান, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে তিনি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। নির্বাচনকে কেন্দ্র করে সুস্থ ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

শিল্পীদের ঐক্যের আহ্বান ও অতীতের বিতর্ক নিয়ে বাপ্পারাজ বলেন, আমরা সবাই একটি পরিবারের মতো। কোনো বিভেদ চাই না। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলবে না। এটাই আমাদের প্রত্যাশা। অতীতে যা হয়ে গেছে, তা নিয়ে আর কথা বলতে চাই না। ভবিষ্যতে শিল্পী সমিতির কার্যক্রম আরও স্বচ্ছ ও বাস্তবমুখী করার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। তিনি আরও জানান, নির্বাচনে জয়ী হলে প্রথমে সংগঠনের ভেতরের বাস্তব সমস্যাগুলো খতিয়ে দেখা হবে, এরপর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। একইসঙ্গে তিনি এও জানান, আগাম কোনো প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে পরিবর্তন আনতে চান তিনি।