সোমবার ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: July 06, 2026
May 27, 2026
বিনোদন
বিনোদন

মালয়েশিয়ায় পূজা, দেশে চলছে ‘মাসুদ রানা’র প্রচারণা

Published: May 27, 2026 at 10:14 AM
মালয়েশিয়ায় পূজা, দেশে চলছে ‘মাসুদ রানা’র প্রচারণা

বহু প্রতীক্ষার পর বড়পর্দায় আসছে জনপ্রিয় স্পাই চরিত্রভিত্তিক সিনেমা ‘মাসুদ রানা’। এবারের ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত এ সিনেমা। এরই মধ্যে শুরু হয়েছে সীমিত পরিসরের প্রচারণাও। নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি। সিনেমাটিতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। তবে মুক্তির ঠিক আগমুহূর্তে সিনেমার প্রচারণায় কোথাও দেখা যাচ্ছে না এই নায়িকাকে। সামাজিকমাধ্যমেও ‘মাসুদ রানা’ নিয়ে কোনো পোস্ট কিংবা প্রচারণামূলক কনটেন্ট শেয়ার করেননি তিনি। অন্যদিকে, গেল ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার প্রচারণা এখনো চালিয়ে যাচ্ছেন পূজা। সম্প্রতি সিনেমাটি ওটিটিতে মুক্তির পরও একাধিক পোস্ট করেছেন নিজের ফেসবুক ওয়ালে।

‘মাসুদ রানা’র শুটিংয়ের সময় পূজা জানিয়েছিলেন, চরিত্রটির জন্য দীর্ঘদিন ফাইট ট্রেনিং নিয়েছেন তিনি। এমনকি দর্শকরা এ সিনেমায় একেবারেই নতুন এক পূজাকে দেখতে পাবেন বলেও মন্তব্য করেছিলেন অভিনেত্রী। ২০২১ সালে টাঙ্গাইলে সিনেমাটির শুটিং করতে গিয়ে আহতও হন পূজা চেরি। একটি অ্যাকশন দৃশ্যে অংশ নিতে গিয়ে আঘাত পান তিনি। সে সময় অভিনেত্রী বলেছিলেন, ক্যারিয়ারে এই প্রথম এতটা পরিশ্রম করতে হয়েছে তাকে। তবে সেই কষ্টের মধ্যেও ছিল কাজের আনন্দ ও চরিত্রে ডুবে থাকার তৃপ্তি। এত পরিশ্রমের পরও সিনেমাটির মুক্তির সময় প্রচারণায় পূজার অনুপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে, পূজা চেরি সিনেমাটির গুরুত্বপূর্ণ অংশ হলেও তিনি প্রচারণায় অংশ না নিলেও মুক্তি থেমে থাকবে না। তবে তাদের মতে, সিনেমার প্রচারে অভিনেত্রীর আরও সক্রিয় থাকা উচিত ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন পূজা চেরি। সেখানে একটি স্টেজ শোতে অংশ নিচ্ছেন তিনি। সামাজিকমাধ্যমে মালয়েশিয়া সফরের বিভিন্ন ছবিও প্রকাশ করছেন অভিনেত্রী। এদিকে, পূজা চেরি অভিনীত আরও একটি সিনেমা ‘নাকফুলের কাব্য’ কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে তা পিছিয়ে গেছে। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, ঈদে ছবিটি আর মুক্তি পাচ্ছে না।