সোমবার ২৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ || ৮ জিলহজ ১৪৪৭ হিজরি
LIVE
Printed on: May 25, 2026
May 25, 2026
বিনোদন
বিনোদন

ছবি নেই পাঁচটা, তারাও বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

Published: May 25, 2026 at 11:34 AM
ছবি নেই পাঁচটা, তারাও বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ

ছবি নেই পাঁচটা, তারাও বডিগার্ড নিয়ে ঘোরে: বাপ্পারাজ



বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচন সামনে রেখে শিল্পীদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। একই সঙ্গে চলচ্চিত্র অঙ্গনে দেহরক্ষী নিয়ে চলাফেরার প্রবণতা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

শিল্পীদের নিরাপত্তা ও ব্যক্তিগত দেহরক্ষী নিয়ে আলোচনার মধ্যে সম্প্রতি অংশ নেয়া এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করে বাপ্পারাজ বলেন, ‘শিল্পীর নিরাপত্তার ব্যবস্থা নিয়ে কখনোই তেমন কিছু ছিল না। বিগত কিছু সময়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তবে অতীতে নিজেদের শক্তিমত্তা জাহির করার জন্য হয়তো নিরাপত্তা বাহিনীকে আনা হয়েছিল। আমাদের শিল্পীদের কিন্তু নিরাপত্তার দরকার নেই।

আমরা তো কোনো দিন বডিগার্ড নিয়ে ঘুরি না। কিন্তু যারা কোনো ছবি করেনি, পাঁচটি সিনেমা করেনি, যাদের কোনো ক্রেজ নেই তারা দুই-তিনটা বডিগার্ড নিয়ে ঘোরে! আমরা বডিগার্ড নিয়ে ঘুরি না, এর দরকারও হয় না।’

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বাপ্পারাজ। নির্বাচনকে ঘিরে সুস্থ ও আনন্দমুখর পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় শিল্পীদের উদ্দেশে বাপ্পারাজ বলেন, ‘আমরা শিল্পীরা সবাই এক। আমাদের মাঝে কোনো বিভেদ নেই। আমরা সবাই একটি পরিবারের মতো। ইউনাইটেড থাকতে চাই। কিছুদিন আগেও আমরা বসেছিলাম।

আমার প্যানেলের ও আমার বিপরীতে যাঁরা ছিলেন, তাঁদের বলেছি, কোনো বিভেদের মধ্যে আমরা যাব না। কেউ কারো বিরুদ্ধে কথা বলব না। কাউকে আঘাত দিয়ে কটু কথা বলব না। আনন্দ-উৎসবের মাধ্যমে নির্বাচন হবে—এইটাই চাই।’

অতীতের বিভিন্ন ঘটনা টেনে এনে বিভাজন তৈরির পক্ষেও নন বলে জানান এই অভিনেতা। 

তিনি বলেন, ‘অতীতে কী হয়েছে, সেটি নিয়ে কোনো কথা বলতে চাই না। যা হয়ে গেছে, হয়ে গেছে। শিল্পীদের একটা সৌন্দর্য আছে, শিল্পীদের যে পরিবেশ থাকে, সেটি যেন এই নির্বাচনের মাধ্যমে আবার অর্জন করতে পারি। সুযোগ পেলে সেই চেষ্টা করতে চাই।’

শিল্পী সমিতির নির্বাচনে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবায়ন কম হওয়ার অভিযোগ নিয়েও কথা বলেন বাপ্পারাজ। 

শিল্পীদের জন্য তাঁর পরিকল্পনা কী, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি শিল্পী সমিতির সেই ঘরে এখনো বসিনি। ঘরে আগে বসি। ঘরের মধ্যে কী কী সমস্যা আছে, কী ঠিক করতে হবে না হবে, দেখে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে আগেই আমরা এটা করব সেটা করব বলতে চাই না। অনেকেই কথা দিয়ে অতীতে তেমন কিছু করেনি। এ ধরনের প্রতিশ্রুতি থেকে আমরা বের হয়ে আসব।’