রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
November 27, 2026
বিনোদন
বিনোদন

বিয়েতে অতিথি আপ্যায়নের জন্য এলাহি আয়োজন মিমির

Published: November 27, 2026 at 12:58 PM
বিয়েতে অতিথি আপ্যায়নের জন্য এলাহি আয়োজন মিমির


দীর্ঘ নাটকীয়তার পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার নিজের বাড়িতে প্রেমিক সিদ্ধার্থের সঙ্গে বাগদান ও রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করেন মিমি। আর সেই খবর মিমি নিজেও জানিয়েছেন।  

মিমি চক্রবর্তী ব্যক্তিগত জীবনে নিরামিষ ও ডিম ছাড়া মাছ-মাংস জাতীয় খাবার খান না। তবে অতিথি আপ্যায়নের জন্য এলাহি আয়োজন করেছিলেন।    

সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে, মিমি চক্রবর্তীর বাগদান ও আইনি বিয়েতে খাবারের এলাহি আয়োজন ছিল। মেনুতে ছিল—ছানার কোফতা, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, ফিশ বল। এছাড়াও ছিল রাধাবল্লভী, ছোলার ডাল, আলুর দম, ফ্রায়েড রাইস, মুরগির মাংস ও খাসির মাংস। মিষ্টির মধ্যে ছিল রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম ও পান। 

দুই পরিবারের সদস্য ও বর-কনের ঘনিষ্ঠজনদের নিয়ে বাগদান ও আইনি বিয়ে সারলেও বৃহৎ পরিসরে সামাজিক বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন মিমি। আগামী ৫ ডিসেম্বর সামাজিক বিয়ে সম্পন্ন করবেন। আগামী ২ ডিসেম্বর শিলিগুড়ির উদ্দেশে রওনা দেবেন সিদ্ধার্থ ও মিমি। ৪ ডিসেম্বর মেহেদি ও সংগীত অনুষ্ঠান। ৫ ডিসেম্বর পাহাড় কন্যার বিয়ের আসর বসবে কালিম্পংয়ে। 

মিমির স্বামী সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের লোক নন। পেশায় মেরিন ইঞ্জিনিয়া। তবে তার পরিবারের সঙ্গে কলকাতার অভিনয়জগতের যোগ রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। এত দিন মিমির সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক থাকলেও এবার তারা জা। 

পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম ও বেড়ে ওঠা মিমি চক্রবর্তীর। মডেলিং দিয়ে অভিনয়জীবনের শুরু করেন। তবে তাকে ঘরে ঘরে পৌঁছে দেয় টিভি ধারাবাহিক ‘গানের ওপারে’। এটি ২০১০ সালে প্রচার হয়। গৌতম ঘোষের ভাবনা এবং অরিন্দম শীলের পরিচালনায় তৈরি ধারাবাহিকটিতে পুপে চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নেন তিনি।    পর্দায় তার স্বাভাবিক অভিনয়, আবেগ প্রকাশের ধরন এবং চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা নজর কেড়েছিল দর্শকের। ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তার। একই বছর ‘বোঝেনা সে বোঝেনা’ সিনেমায় অভিনয় করে বাণিজ্যিক ঘরানার সিনেমার দর্শকের কাছেও পরিচিত হয়ে ওঠেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। এরপর উপহার দেন ‘প্রলয়’, ‘জামাই ৪২০’, ‘পোস্ত’, ‘গ্যাংস্টার’, ‘ক্রিসক্রস’, ‘খেলা যখন’, ‘রক্তবীজ’ প্রভৃতি সিনেমা।  

২০২৪ সালে দুটো সিনেমায় দেখা যায় মিমিকে। একই বছর বাংলাদেশের ‘তুফান’ সিনেমার আইটেম গানে পারফর্ম তাক লাগিয়ে দেন। ২০২৫ সালে ‘রক্তবীজ টু’ শিরোনামে মাত্র একটি সিনেমায় অভিনয় করেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’। এটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। গত ১৫ অক্টোবর মুক্তি পায় এটি।