বুধবার ১৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: November 18, 2026
November 18, 2026
বিনোদন
বিনোদন

নব্বইয়ের স্মৃতি নিয়ে ছোট পর্দায় কোয়েল

Published: November 18, 2026 at 10:27 AM
নব্বইয়ের স্মৃতি নিয়ে ছোট পর্দায় কোয়েল

বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক এবার নতুনভাবে হাজির হচ্ছেন ছোট পর্দায়। প্রথমবারের মতো কোনো ফিকশন ধারাবাহিকে অভিনয় করতে যাচ্ছেন এই জনপ্রিয় অভিনেত্রী। তাঁর নতুন ধারাবাহিকের নাম ‘ডিয়ার নাইনটিজ’। আগামী ২৩ নভেম্বর থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল সনি আট-এ প্রচারিত হবে এটি।ধারাবাহিকটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্ম। নব্বইয়ের দশকের স্মৃতি, আবেগ ও জীবনযাপনের নানা গল্প নিয়ে নির্মিত হয়েছে এর কাহিনি। স্মার্টফোন কিংবা ইন্টারনেটবিহীন সেই সময়ের সহজ-সরল জীবন, বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক ও শৈশবের নানা স্মৃতি উঠে আসবে এই ধারাবাহিকের মাধ্যমে।


ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েল জানিয়েছেন, ধারাবাহিকটির গল্পই তাঁকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। এর আগে কয়েকটি নন-ফিকশন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকলেও কোনো ফিকশন ধারাবাহিকে কাজ করা তাঁর জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। নব্বইয়ের দশকের স্মৃতিচারণ করতে গিয়ে কোয়েল বলেন, সেই সময়ের জীবন ছিল অনেক বেশি সহজ ও আবেগনির্ভর। ছাদে আচার তৈরি, বন্ধুদের সঙ্গে খেলাধুলা, সাইকেল চালানো, ট্রানজিস্টারে গান শোনা কিংবা চিঠি লেখার মতো ছোট ছোট বিষয়গুলো মানুষের জীবনে বিশেষ জায়গা দখল করে ছিল। সেই সময়ের গল্প দর্শকদের কাছে তুলে ধরতেই তাঁর এই নতুন উদ্যোগ।


‘ডিয়ার নাইনটিজ’-এ অপরাজিতা নামের একজন লেখিকার চরিত্রে অভিনয় করছেন কোয়েল। গল্পে অপরাজিতা একজন পরিচিত লেখিকা। তাঁর লেখা ‘ডিয়ার নাইনটিজ’ বইটি বেস্টসেলার হয়েছে। নিজের বইয়ের গল্পের সূত্র ধরে তিনি ফিরে যান সেই স্কুলে, যেখানে তাঁর লেখালেখির যাত্রা শুরু হয়েছিল। সেখানে নিজের জীবনের নানা ঘটনা ও স্মৃতি ভাগ করে নেন তিনি। আর সেই স্মৃতির মধ্য দিয়েই দর্শক ফিরে যাবেন নব্বইয়ের দশকে।


তবে ধারাবাহিকের প্রতিটি পর্বে দেখা যাবে না কোয়েলকে। অভিনেত্রী জানিয়েছেন, গল্পের ফ্ল্যাশব্যাক অংশে তাঁর চরিত্রের উপস্থিতি থাকবে। এখন পর্যন্ত কয়েকটি পর্বের জন্য শুটিং করেছেন তিনি।


কোনো নির্দিষ্ট মাধ্যমের চেয়ে ভালো গল্প ও মানসম্মত কনটেন্টকেই বেশি গুরুত্ব দেন কোয়েল। তাঁর মতে, নব্বইয়ের দশকে বেড়ে ওঠা দর্শকদের কাছে ধারাবাহিকটি পুরোনো দিনের স্মৃতি ফিরিয়ে আনবে। অন্যদিকে নতুন প্রজন্মও সেই সময়ের জীবনযাপন ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ পাবে।


ছোট পর্দায় নতুন যাত্রার পাশাপাশি বড় পর্দা নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী। মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত দুটি সিনেমা। একটি পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’, অন্যটি অন্নপূর্ণা বসু পরিচালিত ‘স্পর্ধা’। ‘স্পর্ধা’র চিত্রনাট্য লিখেছেন সন্দীপ ভট্টাচার্য। কোয়েলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্বার্থপর’ দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছিল। নতুন দুটি সিনেমা নিয়েও আশাবাদী তিনি।