ভারতীয় সঙ্গীতজগতের এক উজ্জ্বল নক্ষত্র জুবিন গার্গ। তাঁর কণ্ঠে মুগ্ধ হয়েছেন দেশ-বিদেশের অসংখ্য শ্রোতা। বলিউডের জনপ্রিয় গান ‘ইয়া আলি’ থেকে শুরু করে অসমিয়া ও বাংলা গান—বিভিন্ন ভাষার সঙ্গীতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তবে তাঁর পরিচিত নামের আড়ালেও লুকিয়ে রয়েছে এক অজানা গল্প। জন্মসূত্রে পদবি বোরঠাকুর হলেও কেন তিনি ‘গার্গ’ পদবি ব্যবহার করতেন?
১৯৭২ সালের ১৮ নভেম্বর মেঘালয়ের তুরায় জন্ম জুবিনের। অসমিয়া ব্রাহ্মণ পরিবারে তাঁর বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই বাড়িতে ছিল সঙ্গীত ও সাহিত্যচর্চার পরিবেশ। তাঁর বাবা মোহিনী মোহন বোরঠাকুর পেশায় ম্যাজিস্ট্রেট হলেও কবিতা ও গান লিখতেন। ‘কপিল ঠাকুর’ ছদ্মনামে সাহিত্যচর্চা করতেন তিনি। অন্যদিকে, মা ইলি বোরঠাকুর ছিলেন সঙ্গীতশিল্পী। পরিবারের সাংস্কৃতিক আবহই ছোটবেলা থেকে জুবিনের মনে সঙ্গীতের প্রতি ভালোবাসা তৈরি করেছিল।
জুবিনের নামকরণের গল্পটিও বেশ আকর্ষণীয়। জন্মের সময় তাঁর নাম রাখা হয়েছিল জুবিন বোরঠাকুর। ভারতীয় বংশোদ্ভূত বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতার নাম থেকে অনুপ্রাণিত হয়েই তাঁর নাম রেখেছিলেন পরিবারের সদস্যরা।
বিশ্বসঙ্গীতের অন্যতম পরিচিত মুখ জুবিন মেহতা অর্কেস্ট্রা পরিচালনায় আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। নিউ ইয়র্ক ফিলহারমনিক ও লস অ্যাঞ্জেলেস ফিলহারমনিকের মতো বিখ্যাত অর্কেস্ট্রার সঙ্গে কাজ করেছেন তিনি। পাশাপাশি ইজরায়েল ফিলহারমনিক অর্কেস্ট্রার সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। সেই কিংবদন্তি সঙ্গীত পরিচালকের নাম থেকেই ছোট্ট জুবিনের নামকরণ।
তবে পরবর্তী সময়ে নিজের নামের সঙ্গে ‘গার্গ’ পদবি যুক্ত করেন জুবিন। পারিবারিক পদবি বোরঠাকুরের পরিবর্তে নিজের গোত্রের পরিচয়বাহী গার্গ পদবি গ্রহণ করেন তিনি। এভাবেই জুবিন বোরঠাকুর হয়ে ওঠেন জুবিন গার্গ। তাঁর নামের মধ্যে একদিকে যেমন আন্তর্জাতিক সঙ্গীতজগতের প্রতি পরিবারের শ্রদ্ধার ছাপ রয়েছে, অন্যদিকে রয়েছে অসমের নিজস্ব সাংস্কৃতিক ও পারিবারিক শিকড়ের পরিচয়।
জুবিনের পরিবারে সঙ্গীতের চর্চা শুধু তাঁর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তাঁর বোন জঙ্কি বোরঠাকুরও ছিলেন গায়িকা ও অভিনেত্রী। কিন্তু ২০০২ সালে তেজপুরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় জঙ্কির। বোনের মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছিলেন জুবিন। পরে তাঁর স্মৃতির উদ্দেশে নিজের অ্যালবাম ‘শিশু’ উৎসর্গ করেন তিনি।