মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 17, 2026
বিনোদন
বিনোদন

২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা!

Published: November 17, 2026 at 11:43 AM
২৫ বছর পর ফের একসঙ্গে হৃতিক-কারিনা!

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কভি গম’ (কেজিজি) মুক্তির ২৫ বছর পূর্ণ হতে চলেছে। আর এই বিশেষ মুহূর্তকে ঘিরেই ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়ালেন নির্মাতা করণ জোহর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রহস্যময় ভিডিও প্রকাশ করেছেন তিনি। সেখানে দেখা গেছে, সিনেমাটির জনপ্রিয় দুই চরিত্র ‘পু’ ও ‘রোহান’—অর্থাৎ কারিনা কাপুর খান ও হৃতিক রোশনকে। ভিডিওটি প্রকাশের পর থেকেই তাদের আবার একসঙ্গে দেখার অপেক্ষায় প্রহর গুনছেন ভক্তরা। ভিডিওর আবহে ব্যবহার করা হয়েছে ‘কাভি খুশি কভি গম’ সিনেমার জনপ্রিয় গান ‘ইউ আর মাই সোনিয়া’। সেখানে কারিনাকে দেখা যায় তার আইকনিক ‘পু’ চরিত্রের সাজে। আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক লাগাচ্ছেন তিনি। এরপর হাতে তুলে নিচ্ছেন হাই হিল জুতা ও সানগ্লাস। অন্যদিকে, সিনেমায় রোহান রাইচাঁদের চরিত্রে অভিনয় করা হৃতিক রোশনকে দেখা গেছে কালো জ্যাকেট পরা অবস্থায়। ভিডিওর শেষ দিকে পর্দায় ভেসে ওঠে একটি তারিখ—১৯ নভেম্বর ২০২৬।


ভিডিওটি প্রকাশ করে করণ জোহর ক্যাপশনে লিখেছেন, “কুছ কাহানিয়াঁ ২৫ সাল বাদ ভি খতম নেহি হোতি...” অর্থাৎ, কিছু গল্প ২৫ বছর পরও শেষ হয় না। তার এই রহস্যময় বার্তায় ভক্তদের ধারণা, ‘কাভি খুশি কভি গম’-এর সঙ্গে সম্পর্কিত কোনো বিশেষ আয়োজন কিংবা নতুন চমক আসতে চলেছে। ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ‘কাভি খুশি কভি গম’। মুক্তির পর থেকেই পারিবারিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন, গান ও তারকাবহুল অভিনয়ের কারণে সিনেমাটি দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নেয়। দীর্ঘ ২৫ বছর পর সেই সিনেমার দুই জনপ্রিয় তারকাকে একই ভিডিওতে দেখে নস্টালজিয়ায় ভাসছেন দর্শকেরা।


করণের পোস্ট প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস উপচে পড়ে। একজন লিখেছেন, ‌‘নিজেকে আর শান্ত রাখতে পারছি না!’ আরেকজনের মন্তব্য, ‘আবারও এই মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য অপেক্ষা করতে পারছি না।’ অন্য এক ভক্ত আবেগ ধরে রাখতে না পেরে লিখেছেন, ‘আমি চিৎকার করে বলছি—সত্যিই কি এমনটা হতে চলেছে! এত বছর পর বেবো ও হৃতিক!’ আরও একজনের মন্তব্য, ‘অসাধারণ! এটা সত্যিই দারুণ কিছু হতে চলেছে!’


তবে সবাই যে বিষয়টি নিয়ে নিঃশর্তভাবে উচ্ছ্বসিত, তা নয়। কয়েকজন ভক্ত সম্ভাব্য ঘোষণাটি নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, কারিনা ও হৃতিকের এই উপস্থিতি নতুন কোনো সিনেমা বা বিশেষ আয়োজনের ঘোষণা না হয়ে কেবল বিজ্ঞাপনের অংশ হতে পারে। একজন মন্তব্য করেছেন, ‘প্লিজ, এমন কিছু করবেন না—যদি এটা বিজ্ঞাপন হয়!’ আরেকজনের প্রশ্ন, ‘আশা করি, এটা কোনো বিজ্ঞাপন হবে না।’


ভক্তদের এই সংশয়ের পেছনে অবশ্য কিছু কারণও রয়েছে। করণ জোহর তার পোস্টে একটি অনলাইন বাড়িভাড়া ও আবাসন-সংশ্লিষ্ট মার্কেটপ্লেসকে ট্যাগ করেছেন। ফলে ভিডিওটি কোনো বিজ্ঞাপন প্রচারের অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে নির্মাতা কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। ১৯ নভেম্বর কী ঘোষণা আসতে চলেছে, তা নিয়েই এখন অপেক্ষা ভক্তদের। করণ জোহরের পরিচালনায় নির্মিত ‘কাভি খুশি কভি গম’ ছিল তারকাবহুল পারিবারিক নাট্যধর্মী সিনেমা। এতে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর খান। সিনেমাটিতে একটি ধনী পরিবারের ভাঙন, ভুল-বোঝাবুঝি এবং সম্পর্কের জটিলতা তুলে ধরা হয়।


গল্পের কেন্দ্রে ছিল এক দত্তকপুত্রের ভালোবাসা। পরিবারের আপত্তি উপেক্ষা করে সে তুলনামূলক কম সচ্ছল পরিবারের এক তরুণীকে বিয়ে করতে চায়। এই সিদ্ধান্তকে ঘিরেই পরিবারের মধ্যে তৈরি হয় দূরত্ব ও সংঘাত। পরে সেই বিচ্ছিন্নতা কাটিয়ে সম্পর্কের পুনর্মিলনের মধ্য দিয়ে এগিয়ে যায় সিনেমার গল্প। সিনেমাটির সংগীত পরিচালনা করেছিলেন যতীন-ললিত, সন্দেশ শান্ডিল্য ও আদেশ শ্রীবাস্তব। যশ জোহর প্রযোজিত ছবিটি মুক্তি পেয়েছিল ধর্মা প্রোডাকশনসের ব্যানারে। সময় পেরিয়ে গেলেও সিনেমাটির গান, সংলাপ এবং বিশেষ করে কারিনার ‘পু’ চরিত্র এখনো দর্শকের কাছে সমান জনপ্রিয়।


ফলে ২৫ বছর পর কারিনা ও হৃতিককে ঘিরে করণ জোহরের এই রহস্যময় ভিডিও নতুন করে সেই স্মৃতিই ফিরিয়ে এনেছে। তবে এটি নিছক বিজ্ঞাপন, নাকি ‘কাভি খুশি কভি গম’-এর ভক্তদের জন্য সত্যিই বড় কোনো উপহার—সেই উত্তর মিলবে ১৯ নভেম্বর।