মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 17, 2026
November 17, 2026
বিনোদন
বিনোদন

নতুন ‘হাঙ্গার গেমস’ সিনেমার প্রিমিয়ারে পুরোনো তারকাদের চমক

Published: November 17, 2026 at 09:44 AM
নতুন ‘হাঙ্গার গেমস’ সিনেমার প্রিমিয়ারে পুরোনো তারকাদের চমক

দীর্ঘ ১৪ বছর পর আবারও একসঙ্গে দেখা গেল ‘হাঙ্গার গেমস’ সিনেমার জনপ্রিয় দুই তারকা জেনিফার লরেন্স ও জশ হাচারসনকে। নিউইয়র্কে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার বিশ্ব প্রিমিয়ারে লালগালিচায় হাজির হয়ে পুরোনো স্মৃতি ফিরিয়ে আনলেন তারা।  তাদের সঙ্গে যোগ দেন ফ্র্যাঞ্চাইজিটির আরও কয়েকজন পরিচিত মুখ। ফলে নতুন সিনেমার প্রিমিয়ার পরিণত হয় পুরোনো তারকাদের পুনর্মিলনীতে। নিউইয়র্কে আয়োজিত এ অনুষ্ঠানে ক্যাটনিস এভারডিন চরিত্রে অভিনয় করা জেনিফার লরেন্স এবং পিটা মেলার্ক চরিত্রের জশ হাচারসন একসঙ্গে ছবি তোলেন। ২০১৫ সালে ‘মকিংজে পার্ট টু’ সিনেমার প্রচারণা শেষ হওয়ার পর দীর্ঘ সময় তাদের এভাবে একসঙ্গে দেখা যায়নি।


প্রিমিয়ারে উপস্থিত ছিলেন এলিজাবেথ ব্যাংকস, আমান্ডলা স্টেনবার্গ, জেনা ম্যালোন ও উইলো শিল্ডসের মতো মূল সিরিজের অভিনেতারাও। ২০২৩ সালের প্রিক্যুয়েল ‘দ্য ব্যালাড অব সংবার্ডস অ্যান্ড স্নেকস’ এর দুই তারকা র‍্যাচেল জেগলার ও টম ব্লাইথও অনুষ্ঠানে যোগ দেন।


জেনিফার লরেন্স ও জশ হাচারসনের নতুন সিনেমায় ফেরার খবর আগেই জানিয়েছিল ভ্যারাইটি। তারা ক্যাটনিস ও পিটার চরিত্রে একটি দৃশ্যে অভিনয় করেছেন। পরে ‘কল হার ড্যাডি’ পডকাস্টে জেনিফার জানান, উডি হ্যারেলসনও হেইমিচ চরিত্রে ফিরেছেন। নতুন সিনেমায় তরুণ হেইমিচের ভূমিকায় অভিনয় করেছেন জোসেফ জাদা। গল্পে দেখা যাবে, ৫০তম হাঙ্গার গেমসে অংশ নিতে বাধ্য হয় সে। মূল সিনেমার ঘটনার ২৪ বছর আগের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ছবিটি।


১১ বছর পর ক্যাটনিস চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে জেনিফার লরেন্স বলেন, পুরোনো চরিত্রে ফিরে আসা ছিল অবিশ্বাস্য ও আবেগঘন। কারণ, নতুন সিনেমার শুটিংয়ে আগের পরিচিত কলাকুশলীদের অনেককেই পেয়েছেন তিনি। বিশেষ করে জশ হাচারসন ও উডি হ্যারেলসনের সঙ্গে আবার কাজ করার অভিজ্ঞতা ছিল তাঁর কাছে বিশেষ কিছু। পডকাস্টে জেনিফার বলেন, জশের সঙ্গে তাদের সম্পর্ক এতটাই আন্তরিক ছিল যে কোথাও যাওয়ার সময়ও তাঁরা একে অপরকে জড়িয়ে থাকতেন। পুরোনো সহকর্মীদের সঙ্গে কাজ করতে গিয়ে মনে হয়েছিল, যেন আগের দিনগুলিতে ফিরে গেছেন।


এর আগে ২০২৩ সালে ‘নো হার্ড ফিলিংস’ সিনেমার প্রচারণার সময় ভ্যারাইটিকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাটনিস চরিত্রে ফেরার আগ্রহ প্রকাশ করেছিলেন জেনিফার। তখন তিনি বলেছিলেন, উপযুক্ত সুযোগ এলে চরিত্রটিতে আবার অভিনয় করতে পুরোপুরি প্রস্তুত।


সুজান কলিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিরিজটির নতুন প্রিক্যুয়েল। এতে হেইমিচ অ্যাবারনাথির কৈশোরের গল্প তুলে ধরা হয়েছে। ৫০তম হাঙ্গার গেমস বা দ্বিতীয় কোয়ার্টার কোয়েলে অংশ নিতে গিয়ে ভয়ংকর এক লড়াইয়ের মুখোমুখি হয় সে। এ প্রতিযোগিতায় সাধারণ সময়ের তুলনায় দ্বিগুণ প্রতিযোগী অংশ নেয়। জোসেফ জাদার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন হুইটনি পিক, ম্যাকেনা গ্রেস, জেসি প্লেমন্স, মায়া হক, রালফ ফাইনস, এল ফ্যানিং, গ্লেন ক্লোজ, বিলি পোর্টার ও কিয়েরান কালকিন।


লায়ন্সগেটের প্রযোজনায় নির্মিত সিনেমাটি আগামী ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। মূল ‘হাঙ্গার গেমস’ সিরিজের চারটি সিনেমায় জেনিফার লরেন্স অভিনয় করেছিলেন ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত। তার অভিনীত ক্যাটনিস চরিত্রটি বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পায়। পুরো ফ্র্যাঞ্চাইজির আয় দাঁড়িয়েছে প্রায় ৩৩০ কোটি ডলার।

নতুন সিনেমার প্রিমিয়ারে পুরোনো তারকাদের উপস্থিতি তাই শুধু প্রচারণার অংশ নয়, দীর্ঘদিনের ভক্তদের জন্যও বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।