সিনেমার পর্দায় গডজিলার গর্জন, বিস্ফোরণ কিংবা বিশাল দানবের পায়ের শব্দ- সবকিছুই যেন দর্শকের বুক কাঁপিয়ে দেয়। সম্প্রতি ‘Godzilla Minus Zero’ সিনেমা দেখতে গিয়ে এক দর্শকের স্মার্টওয়াচে শব্দের মাত্রা ৯০ ডেসিবেল ছাড়ানোর সতর্কবার্তা আসে। বিষয়টি ঘিরে কৌতূহল তৈরি হয়েছে সিনেমার শব্দের মাত্রা নিয়ে। প্রশ্ন উঠেছে, পর্দায় শোনা এমন ভয়ংকর গর্জনের শব্দ কতটা জোরে হবে, তা আসলে কারা নির্ধারণ করেন? সিনেমার শব্দের পেছনে থাকে সুপরিকল্পিত সাউন্ড ডিজাইন ও প্রযুক্তির ব্যবহার। পরিচালক দৃশ্য অনুযায়ী দর্শকের অনুভূতি কেমন হবে, তা নির্ধারণ করেন। আর সেই ভাবনাকে শব্দের মাধ্যমে বাস্তব করে তোলেন সাউন্ড ডিজাইনার ও সাউন্ড ইঞ্জিনিয়াররা। পরে প্রেক্ষাগৃহের সাউন্ড সিস্টেমের মাধ্যমে সেই শব্দ দর্শকদের কাছে পৌঁছে যায়।
অর্থাৎ, শুধু স্পিকারের ভলিউম বাড়ালেই কোনো সিনেমার শব্দ ভয়ংকর হয়ে ওঠে না। এর পেছনে রয়েছে শব্দের তীব্রতা, ওঠানামা, কম্পাঙ্ক এবং বিভিন্ন সাউন্ড ইফেক্টের সমন্বয়।
শব্দের ওঠানামায় তৈরি হয় উত্তেজনা
সিনেমার শব্দের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ‘ডায়নামিক রেঞ্জ’। সহজভাবে বললে, সিনেমার সবচেয়ে মৃদু শব্দ ও সবচেয়ে জোরালো শব্দের মধ্যে পার্থক্যই ডায়নামিক রেঞ্জ। ধরা যাক, পর্দায় দুজন চরিত্র নিচু স্বরে কথা বলছেন। চারপাশে প্রায় নীরবতা। ঠিক সেই মুহূর্তেই ঘটে গেল বিশাল বিস্ফোরণ। হঠাৎ শব্দের এই পরিবর্তন দর্শককে চমকে দেয় এবং দৃশ্যের উত্তেজনা বাড়িয়ে তোলে। অ্যাকশন ও হরর সিনেমায় এই কৌশল বেশি ব্যবহার করা হয়। কখনো নীরবতা, কখনো বিকট গর্জন কিংবা বিস্ফোরণ—শব্দের এমন বৈচিত্রই দর্শকের অভিজ্ঞতাকে আরও বাস্তব করে তোলে।
৮৫ ডেসিবেলে কেন ক্যালিব্রেট করা হয় সাউন্ড সিস্টেম?
সিনেমার শব্দের মান ঠিক রাখতে মিক্সিং থিয়েটারে সাউন্ড ইঞ্জিনিয়াররা সংলাপ, আবহসংগীত ও বিভিন্ন সাউন্ড ইফেক্টের মধ্যে ভারসাম্য তৈরি করেন। প্রচলিত সিনেমা সাউন্ড মিক্সিং পদ্ধতিতে একটি নির্দিষ্ট রেফারেন্স লেভেল ব্যবহার করা হয়। অনেক ক্ষেত্রে সামনের স্পিকার দিয়ে পরীক্ষামূলক শব্দ বাজিয়ে প্রায় ৮৫ ডেসিবেলে সিস্টেম ক্যালিব্রেট করা হয়। তবে এর অর্থ এই নয় যে সিনেমা চলার পুরো সময় শব্দ ৮৫ ডেসিবেলেই থাকবে। এটি মূলত সাউন্ড সিস্টেমের মান যাচাই এবং বিভিন্ন প্রেক্ষাগৃহে শব্দের অভিজ্ঞতা কাছাকাছি রাখার একটি পদ্ধতি। প্রেক্ষাগৃহের আকুস্টিক ব্যবস্থা, স্পিকারের ক্ষমতা, প্রযুক্তি এবং পরিচালনাগত সিদ্ধান্তের কারণেও একেক হলে একই সিনেমার শব্দের অভিজ্ঞতা আলাদা হতে পারে।
গডজিলার গর্জনে লো-ফ্রিকোয়েন্সির ব্যবহার
গডজিলার মতো বিশাল দানবের উপস্থিতি পর্দায় বাস্তবসম্মত করে তুলতে ব্যবহার করা হয় ‘লো-ফ্রিকোয়েন্সি’ বা কম কম্পাঙ্কের শব্দ। এর ফলে দানবের পায়ের শব্দ কিংবা গর্জন দর্শকের কাছে আরও গভীর ও শক্তিশালী মনে হয়। সিনেমা হলের সাবউফার এই গভীর কম্পাঙ্কের শব্দ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে গডজিলার প্রতিটি পদক্ষেপ যেন দর্শকের বুকের ভেতরেও কম্পন তৈরি করে। অন্যদিকে, বিস্ফোরণ, ভবন ধসে পড়া কিংবা ধ্বংসযজ্ঞের তীক্ষ্ণ শব্দ দৃশ্যকে আরও জীবন্ত করে তোলে।
গডজিলার বিখ্যাত গর্জন যেভাবে তৈরি হয়েছিল
গডজিলার গর্জনের ইতিহাসও বেশ চমকপ্রদ। ১৯৫৪ সালে মুক্তি পাওয়া প্রথম ‘Godzilla’ সিনেমায় এই বিশেষ গর্জন তৈরিতে ব্যবহার করা হয়েছিল অভিনব কৌশল। একটি রেজিন মাখানো চামড়ার দস্তানা ডাবল বেসের তারের ওপর ঘষে তৈরি করা হয়েছিল সেই অদ্ভুত শব্দ। পরে শব্দটিকে প্রয়োজন অনুযায়ী প্রক্রিয়াজাত করে গডজিলার পরিচিত গর্জন তৈরি করা হয়। সুরকার আকিরা ইফুকুবের আইকনিক অর্কেস্ট্রাল সংগীতও গডজিলার ভয়ংকর উপস্থিতিকে আরও শক্তিশালী করে তোলে।
IMAX-এ শব্দের অভিজ্ঞতা কেন আলাদা?
সিনেমার শব্দ দর্শকের চারপাশে ছড়িয়ে দিতে আধুনিক প্রেক্ষাগৃহে ব্যবহার করা হয় উন্নত সাউন্ড প্রযুক্তি। এর মধ্যে IMAX অন্যতম। ‘IMAX with Laser’ প্রযুক্তিতে ১২-চ্যানেলের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়। হলের বিভিন্ন স্থানে স্পিকার এমনভাবে বসানো থাকে, যাতে চারদিক থেকে শব্দ দর্শককে ঘিরে ধরে। ফলে পর্দায় বিস্ফোরণ কিংবা গডজিলার গর্জন শোনার সময় দর্শকের মনে হয়, ঘটনাটি যেন তার একেবারে পাশেই ঘটছে। তবে সব IMAX প্রেক্ষাগৃহের শব্দের অভিজ্ঞতা এক রকম নয়। হলের প্রযুক্তি ও অ্যাকুস্টিক ব্যবস্থার ওপরও তা নির্ভর করে।
৯০ ডেসিবেল শব্দ কি শ্রবণশক্তির জন্য বিপজ্জনক?
স্মার্টওয়াচে ৯০ ডেসিবেলের সতর্কবার্তা দেখালেই যে শ্রবণশক্তির ক্ষতি হয়েছে, এমনটা বলা যায় না। শব্দের তীব্রতার পাশাপাশি কতক্ষণ ধরে সেই শব্দ শোনা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। সাধারণভাবে দীর্ঘ সময় ধরে ৮৫ ডেসিবেল বা তার বেশি শব্দের সংস্পর্শে থাকলে শ্রবণশক্তির ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। এ ক্ষেত্রে শব্দের মাত্রা পরিমাপে dBA বা এ-ওয়েটেড ডেসিবেল ব্যবহার করা হয়, যা মানুষের কান যেভাবে শব্দ অনুভব করে, তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে কয়েক মুহূর্তের জন্য ৯০ ডেসিবেল শব্দ শোনা আর দীর্ঘ সময় ধরে একই মাত্রার শব্দের মধ্যে থাকার ঝুঁকি এক নয়। তাই স্মার্টওয়াচের একটি সতর্কবার্তা দিয়ে পুরো সিনেমার শব্দের মাত্রা কিংবা শ্রবণশক্তির সম্ভাব্য ক্ষতি নির্ধারণ করা যায় না।