চিত্রনায়িকা পরীমণিকে ঘিরে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি। তবে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন এই অভিনেত্রী। এ ঘটনায় পরীমণি ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে সাংবাদিকদের মারধর ও মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
আদালত প্রাঙ্গণে ধারণ করা ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পরীমণিকে হঠাৎ ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তির দিকে তেড়ে যেতে এবং গালিগালাজ করতে দেখা যায়। তাকে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিয়েছিস ক্যান!’ যদিও অভিযুক্ত সাংবাদিক এই অভিযোগ অস্বীকার করেছেন। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা। কেউ পরীমণির আচরণের সমালোচনা করছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন সাংবাদিকদের দায়িত্ববোধ ও পেশাগত আচরণ নিয়ে।
এ পরিস্থিতিতে নেটিজেনদের আচরণ এবং ‘মোজো সাংবাদিকতা’ নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম। পরীমণির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে তিনি লিখেছেন, ‘এ মানুষটাকে নিয়ে এত মজা সবাই নেন! অথচ তার খারাপ সময়ে একটা আপত্তিকর ঘটনাও তার বিপক্ষেই নিয়ে গেলেন সম্মানিত ফেবু বিচারকরা!’
একগুচ্ছ প্রশ্ন ছুড়ে দিয়ে মম বলেন, ‘এ কেমন বিচার? পরি নারী বলে? আর মোজোগুলা যে সাংবাদিকতাও গিলে ফেলতেছে, সেটার কী হবে? আর কত পিছ কদমে হাঁটবেন?’
পরীমণির প্রতি সহমর্মিতা জানিয়ে এই অভিনেত্রী আরও লিখেছেন, ‘সরি, পরী এ দেশে থাকতে হলে এসব যুদ্ধ করতে হবে। এটা এ জন্মের গিফট!’
আদালতে আত্মসমর্পণ করে জামিন
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় বুধবার পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর এক দিন পর বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে রাখা একটি সাদা ব্যক্তিগত গাড়ি থেকে নামেন পরীমণি। বেলা ১১টা ৫৫ মিনিটে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন এবং জামিন আবেদন করেন। শুনানি শেষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
চলচ্চিত্রে অভিষেক ২০১৫ সালে
এক দশকের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ারে তারকাখ্যাতি অর্জন করেছেন পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার অনুসারীর সংখ্যা প্রায় দুই কোটি। নানা সময়ে বিভিন্ন ঘটনা ও মন্তব্যের কারণে আলোচনার কেন্দ্রে থেকেছেন এই অভিনেত্রী।
২০১৫ সালে শাহ আলম মণ্ডল পরিচালিত ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় পরীমণির। সিনেমাটিতে তার সহশিল্পী ছিলেন জায়েদ খান। চলচ্চিত্রে নাম লেখানোর আগেই একাধিক সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে আলোচনায় আসেন তিনি।