রবিবার ০৮ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ২৩শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 08, 2026
November 04, 2026
বিনোদন
বিনোদন

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

Published: November 04, 2026 at 03:28 PM
শাকিবের নতুন নায়িকা পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ তার বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী কিনজা হাশমি। একাধিক সূত্রের বরাতে জানা গেছে, সিনেমাটির জন্য তাকে চূড়ান্ত করা হয়েছে। যদিও পরিচালক হিমেল আশরাফ কিংবা প্রযোজক আরশাদ আদনান এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি।

চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শাকিবের নতুন নায়িকাকে ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

২০২৭ সালের ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা নিয়ে নির্মিত হচ্ছে ‘মহব্বত’। গত অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই শাকিবের বিপরীতে কে অভিনয় করবেন, তা নিয়ে চলছিল নানা আলোচনা। সম্ভাব্য নায়িকা হিসেবে পাকিস্তানের হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদী ও দুর-ই-ফিশান সেলিমের নামও সামনে এসেছিল। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, শেষ পর্যন্ত কিনজা হাশমিকেই বেছে নেওয়া হয়েছে।

কে এই কিনজা হাশমি?

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ কিনজা হাশমি। ২০১৪ সালে অভিনয়ের মাধ্যমে বিনোদনজগতে পা রাখেন তিনি। অল্প সময়ের মধ্যেই ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন এই অভিনেত্রী।

‘ইশক তামাশা’ নাটকে রুশনা চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশেষ পরিচিতি পান কিনজা। এরপর ‘গুল-ও-গুলজার’, ‘মোহলত’, ‘দিল আওয়াইজ’, ‘হুক’ ও ‘মেরে বান জাও’-এর মতো নাটকে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। টেলিছবি ‘রূপোশ’-এও দেখা গেছে তাকে।

শুধু টেলিভিশন নাটকেই সীমাবদ্ধ নন কিনজা। চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তার অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘কট্টর করাচি’ ও ‘শিরোস’।

সবকিছু ঠিক থাকলে ‘মহব্বত’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে বড় পর্দায় জুটি বাঁধবেন কিনজা হাশমি। নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় এখন দুই দেশের দর্শক। ঘোষণাটি এলে নতুন এই জুটিকে ঘিরে আগ্রহ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।