সোমবার ০২ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 02, 2026
November 02, 2026
বিনোদন
বিনোদন

‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ

Published: November 02, 2026 at 12:23 PM
‘কিং’-এর প্রথম গানেই শাহরুখ-দীপিকার রসায়ন, কণ্ঠে এড শিরান-অরিজিৎ

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখের সঙ্গে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির বিশেষ আকর্ষণ, এতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ গায়ক এড শিরান, অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। ফলে গানটি ঘিরে দর্শক-শ্রোতাদের আগ্রহ তৈরি হয়েছে।  সোমবার  রাত ১২টায় সামাজিক মাধ্যমে গানটি প্রকাশ করেন শাহরুখ। গানটিতে শাহরুখ ও দীপিকার রোমান্টিক মুহূর্তের পাশাপাশি রয়েছে বেশ কিছু অ্যাকশন দৃশ্য; শত্রুদের সঙ্গে হাতাহাতি ও গোলাগুলিতে জড়াতে দেখা যায় কিং খানকে। গানের শেষ দিকে শাহরুখকে বলতে শোনা যায়, ‘আর এবার হৃদয়ে আগুন লেগেছে, তাই পৃথিবী না পুড়িয়ে সে থামবে না।’


নিঃসন্দেহে গানটি ভক্তদের জন্য শাহরুখের উপহার। সামাজিক মাধ্যমে শাহরুখ লিখেছেন, ‘ভালোবাসার এই সময় শুধু ভাগ্যবানদের জন্য। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। ভালোবাসা আর অন্য সব লড়াই নিয়ে... এ ডিসেম্বরে।’  গানটি সাড়া ফেললেও নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে দর্শকের মাঝে। বরাবরের মতো শাহরুখ ও দীপিকার রসায়নের প্রশংসা করেছেন অনেকে। আবার কারও কারও মতে, গানটির দৃশ্যায়নে শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর ছাপ রয়েছে।


তবে গানের শিল্পীদের একসঙ্গে পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক ভক্ত। একজন লিখেছেন, ‘এক ফ্রেমে এড শিরান, শাহরুখ, দীপিকা ও অরিজিৎ সিং—এটি শুধু একটি যৌথ আয়োজন নয়, বড় হিট গানের রেসিপি।’ আরেকজন লিখেছেন, ‘কিং সব সময়ই কিং।’ অন্য এক ভক্ত অরিজিৎ ও এড শিরানের একসঙ্গে গান করার বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। 


এদিকে বলে রাখা ভালো, মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং বাঙালি। এদিকে পশ্চিমবঙ্গের বালুরঘাটের কন্যা মধুবন্তী বাগচীও একজন জনপ্রিয় বাঙালি শিল্পী। তিনি বাংলাদেশের কোক স্টুডিও বাংলাতেও গান করেছেন।


সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ ও দীপিকার এটি ষষ্ঠ যৌথ কাজ। ছবিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও সুহানা খান। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমার।