রবিবার ০১ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 01, 2026
November 01, 2026
বিনোদন
বিনোদন

কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান

Published: November 01, 2026 at 09:40 AM
কাজী শুভর কণ্ঠে পাগল হাসানের গান

পাগল হাসান। দেশের লোক ও আধ্যাত্মিক গানে এক বিস্ময়কর তরুণ। ২০২৪ সালের এপ্রিলে মাত্র ৩৩ বছর বয়সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। কিন্তু রেখে গেছেন অসংখ্য গান। তার গান গেয়ে সাফল্য পেয়েছেন অনেকেই। কিন্তু পাগল হাসান থেকে গিয়েছিলেন অনেকটা আড়ালেই। অকালপ্রয়াত সেই শিল্পীর একটি গান এবার সামনে আনলেন কাজী শুভ। ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ শিরোনামের গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। গানের কথা সুর সাধক পাগল হাসানের। সংগীতায়োজনে রাফি মোহাম্মদ। গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্পে গানটির ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত। আছে কাজী শুভর উপস্থিতিও। গানটি প্রসঙ্গে কাজী শুভ বলেন, “প্রয়াত পাগল হাসানের গানের প্রতি আমার আলাদা একটা টান ও মায়া আছে। পাগল হাসান জীবিত থাকতেই আমি গানটি নিয়েছিলাম। পরবর্তীতে গানটি আমার প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’ তে যুক্ত করি। প্রেমের আক্ষেপ আর বিচ্ছেদের হাহাকার মিশে আছে গানটির কথায়। আশা করছি, গানটি শ্রোতাদের হুদয়ে গভীর দাগ কেটে যাবে। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলসহ দেশি-বিদেশি সব মিউজিক প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।