ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাসকে হঠাৎ চুমু দিলেন এক যুবক! সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে আলোচনা। মেহেদি পরানোর আয়োজনে হবু কনের সাজে থাকা অপুকে চুমু দেওয়ার পর লাজুক হাসিতে ধরা দেন অভিনেত্রী। কিন্তু কে এই যুবক? অপুর সঙ্গে তাঁর সম্পর্কই বা কী? ভিডিওতে দেখা যায়, অপু বিশ্বাস ও ওই যুবককে হবু বর-কনের সাজে। মেহেদি পরানোর আয়োজন ঘিরে দুজনের মধ্যে চলছিল খুনসুটি। একপর্যায়ে দুষ্টুমি করেই অপুকে চুমু দেন যুবকটি। আকস্মিক ঘটনায় হেসে ওঠেন অভিনেত্রী। মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে তৈরি হয় কৌতূহল।
অপু বিশ্বাস ও আদনান আজাদ
জানা গেছে, ওই যুবকের নাম আদনান আজাদ। তবে এটি বাস্তব কোনো বিয়ের আয়োজন নয়। একটি প্রচারণামূলক ভিডিওর অংশ হিসেবেই ধারণ করা হয়েছে চুমুর দৃশ্যটি। দর্শকদের মধ্যে আলোচনা তৈরি করতেই এমন রোমান্টিক মুহূর্তের পরিকল্পনা করা হয়। এর আগে গত ১৫ অক্টোবর আদনানের সঙ্গে রোমান্টিক আবহের কয়েকটি ছবি প্রকাশ করেছিলেন অপু। সেসব ছবি প্রকাশের পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা প্রশ্ন উঠতে থাকে। জানা গেছে, প্রায় ১৮ বছর আগে গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত ‘পাষাণের প্রেম’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন অপু ও আদনান। ওই সিনেমার মাধ্যমেই নায়ক হিসেবে অভিষেক হয় আদনানের।
পাষানের প্রেম সিনেমায় অপু বিশ্বাস ও আদনান আজাদ
সম্প্রতি তাঁদের আবারও একসঙ্গে সিনেমায় কাজ করার সম্ভাবনার কথা জানিয়েছেন অপু। আদনান বড় পরিসরে একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন। এ নিয়ে দুজনের মধ্যে কথাবার্তাও চলছে। অভিনয় ও মডেলিংয়ের পাশাপাশি আদনান বন্য প্রাণী ও প্রকৃতির আলোকচিত্রী হিসেবেও পরিচিত। এখন দেখার বিষয়, দীর্ঘ বিরতির পর বড় পর্দায় আবারও জুটি বাঁধেন কি না অপু বিশ্বাস ও আদনান আজাদ।