চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, বৃক্ষ রোপণ ও যুব নারীদের তৈরি পণ্য মেলা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস উদ্যাপিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এসব কর্মসূচির আয়োজন করে।
বেলা ১১টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর চত্বরে বৃক্ষ রোপণ শেষে সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। সূচনা বক্তব্য দেন— জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক স্বপন কুমার কর্মকার।
এসময় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর রাকিবুল ইসলাম ও সহকারী পরিচালক মিজানুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সংগঠক মুখলেসুর রহমান, প্রশিক্ষণার্থী (পোশাক তৈরি) মোসা. জুই খাতুন ও প্রশিক্ষণার্থী (কম্পিউটার) ফরিদ-উজ্জামান।
শেষে ১২ জন যুব ও নারীকে ১৩ লাখ টাকা ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র এবং নিবন্ধিত যুব সংগঠনকে সনদপত্র ও সংগঠনকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রশিক্ষিত যুবক-যুবতীরা ছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তেলার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে উল্লেখ করেন বক্তারা। তারা বলেন, যুবকরা মানবসম্পদ হিসেবে গড়ে উঠলে দেশ এগিয়ে যাবে, বেকারত্ব দূর হবে।
গোমস্তাপুর প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রশিক্ষিত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।
সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান। প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— রহনপুর পৌরসভার সাবেক পৌর মেয়র তারিক আহমদ, রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়ার কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল।
পরে দুজন প্রশিক্ষিত যুবকের মধ্যে মোট ১ লাখ ৬০ হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়।
নাচোল প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদ্যাপিত হয়েছে। রবিবার উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। সূচনা বক্তব্য দেন— উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা।
আলোচনা সভা শেষে যুব আত্মকর্মী ফজলে এলাহীর হাতে স্বাবলম্বী হওয়ার লক্ষে দেড় লাখ টাকার যুব ঋণের চেক তুলে দেওয়া হয়।