বৃহস্পতিবার ২৯ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: October 29, 2026
October 29, 2026
খেলাধুলা
খেলাধুলা

আর্জেন্টাইন তারকার চুক্তি নবায়ন না করায় হতাশ জনসন

Published: October 29, 2026 at 10:31 AM
আর্জেন্টাইন তারকার চুক্তি নবায়ন না করায় হতাশ জনসন

আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের সঙ্গে লিভারপুলের চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ক্লাবটির সাবেক ডিফেন্ডার গ্লেন জনসন। তার মতে, নিয়মিত ভালো খেলা এই মিডফিল্ডারকে ধরে রাখা উচিত লিভারপুলের। ২০২৮ সালের জুন পর্যন্ত লিভারপুলের সঙ্গে চুক্তি রয়েছে ম্যাক অ্যালিস্টারের। ২০২৩ সালে ব্রাইটন থেকে অ্যানফিল্ডে যোগ দেওয়া ২৭ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে ১৩ ম্যাচে চার গোল করেছেন। তবে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এখনো ইতিবাচক সাড়া পাননি তিনি। গত সেপ্টেম্বরে ম্যাক অ্যালিস্টার জানিয়েছিলেন, নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় তিনি ‘খুবই হতাশ’। সতীর্থ রায়ান গ্রাভেনবের্খ ও দমিনিক সোবোসলাইয়ের সঙ্গে চুক্তি নবায়ন হলেও নিজের ক্ষেত্রে ভিন্ন সিদ্ধান্তে কষ্ট পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। বেটফ্রেডকে দেওয়া সাক্ষাৎকারে জনসন বলেন, ‘আমি অবাক হয়েছি। সে সব সময়ই নির্ভরযোগ্য, কখনোই খুব খারাপ খেলে না। লিভারপুলের দলে সে দারুণ একজন খেলোয়াড়। অন্য শীর্ষ ক্লাবগুলো তাকে দলে নিতে দুই হাত বাড়িয়ে দেবে। তাই এখনো তার চুক্তি নবায়ন না হওয়ায় আমি বিস্মিত। লিভারপুলের সাবেক এই ডিফেন্ডার আরও বলেন, ‘যদি কেউ নিয়মিত একাদশে খেলার যোগ্য হয়, তাহলে তাকে ধরে রাখাই উচিত। সে সবকিছুই ভালো করে। হয়তো এমন কিছু অভ্যন্তরীণ তথ্য আছে, যা আমরা জানি না। তবে মাঠে দলের জন্য তার অবদান বিবেচনায় আমার মনে হয়, তাকে রাখা উচিত।এদিকে, আগামী গ্রীষ্মে মাঝমাঠে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে লিভারপুল। সেই পরিকল্পনার অংশ হিসেবে ম্যাক অ্যালিস্টারকে বিক্রি করার সম্ভাবনাও রয়েছে। তবে এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।