রবিবার ২৯ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: November 29, 2026
October 24, 2026
শিবগঞ্জ
শিবগঞ্জ

সড়ক প্রশস্ত করার দাবিতে শিবগঞ্জে ফেসবুকে গণলাইভ

Published: October 24, 2026 at 02:54 PM
সড়ক প্রশস্ত করার দাবিতে শিবগঞ্জে  ফেসবুকে গণলাইভ


 শিবগঞ্জ উপজেলা সদরের পাইলিং মোড় থেকে শিবগঞ্জ বাজার হয়ে রসুলপুর মোড় পর্যন্ত প্রধান সড়কটি প্রশস্ত করার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গণলাইভ কর্মসূচি পালিত হয়েছে। 

গতকাল শনিবার বেলা ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০ জন সাধারণ মানুষ অংশ নেন। সড়কটির সংকীর্ণতা, অবৈধ দখল ও দীর্ঘদিনের জনদুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি জানান আয়োজকরা।

স্থানীয়দের অভিযোগ, শিবগঞ্জ বাজারের প্রধান সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় মাত্র আধা কিলোমিটার সড়ক পার হতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। সড়কের দুই পাশের কিছু জায়গা বাড়ির মালিক ও দোকানদারদের দখলে থাকায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে রয়েছে। এতে যানজটের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। 

আয়োজকরা জানান, বিভিন্ন সময়ে সড়কটি প্রশস্ত করার দাবি নানা মাধ্যমে তুলে ধরা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। এ পরিস্থিতিতে জনদুর্ভোগের বিষয়টি সামনে আনতে গণলাইভের আয়োজন করা হয়।

কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেয়া না হলে সর্বসাধারণকে সঙ্গে নিয়ে আরো বড় কর্মসূচি পালন করা হবে।

গণমাধ্যমকর্মী আহসান হাবিব, আল বশরী সোহান, ওয়াহেদুল সাগর, মোস্তাফিজ, নুরুল ইসলাম, ফাইয়াজ রহমান তনয়, হাফিজুর রহমান. ফরহাদ আলী ও রায়হান আলী এ গণলাইভ কর্মসূচির আয়োজন করেন।

এদিকে গণলাইভের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ তুলে ধরায় আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটি প্রশস্ত করার উদ্যোগ গ্রহণ করবেন।