চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দূর্গাপুজা মন্ডপগুলিতে এখন পর্যন্ত কোন নিরাপত্তা শংকা নেই বলে জানিয়েছেন ৫৯বিজিবি মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল আমিন অপু। আজ বিকালে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি মিয়াপুর সার্বজনীন দূর্গমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, পুজা উপলক্ষে সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি ১৩টি পুজামন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছে ৫৯ বিজিবি। এ সব মন্ডপ সার্বক্ষনিক গোয়েন্দা নজরদারিতে রয়েছে। শিবগঞ্জ (আংশিক) ও ভোলাহাট উপজেলার সীমান্তের ৮ কিলোমিটারে মধ্যে অবস্থিত এসব মন্দিরে টহল বাাড়ানো হয়েছে। পাশপাশি সীমান্তের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। তিনি বলেন, কোন গুজবে কান দিবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিও নজর রাখা হচ্ছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন। বিজিবি অন্য সকল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসেনর সাথে সমন্বয় করে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত পুজার চমৎকার পরিবেশ রয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, শরদীয় দূর্গাপুজা আনন্দমূখর পরিবেশে নির্বিঘ্নে সমাপ্ত হবে।
লেফটেন্যান্ট কর্নেল অপু পুজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের অভিনন্দন জানান। তাঁদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং মন্দির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। তিনি হিন্দু নারীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে মন্দির কমিটি সভাপতি কমল শীল ও সম্পাদক শ্যাম সিংহ উপস্থিত ছিলেন।