চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও ১৪ জন নারীসহ ২৮ জনকে জেলা হাসপাতালে, ৩ জন পুরুষ ও ২ জন নারীসহ ৫ জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে, ৩ জন পুরুষ রোগীকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ১ জন পুরুষ রোগীকে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জন পুরুষ ও ১ জন নারীসহ ৩ জন রোগীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
অন্যদিকে ৫১ জন সাধারণ রোগী জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হন। তাদেরকে সেখানে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জনসহ ৪৭ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৫ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ফলে বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। এর মধ্যে জেলা হাসপাতালে ৩০ জন পরুষ ও ৩৯ জন নারীসহ ৭৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন পুরুষ ও ১ জন নারীসহ ৯ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন পুরুষ, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ২ জন নারীসহ ২ জন নারীসহ ৪ জন রোগী ভর্তি রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয় ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে রবিবার এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরো জানানো হয়, চলতি বছরে জেলা হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের। আর একই সময়ে আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২ হাজার ৩৪৫ জন, শিবগঞ্জে ১৪২ জন, গোমস্তাপুরে ১০৮ জন, নাচোলে ৭৫ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯০ জন রোগী ভর্তি হন। জেলায় মোট ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৭৬০ জন। এছাড়া জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ১ হাজার ৮৩৮ জন সাধারণ ডেঙ্গু রোগী।