নাচোলে রাকিব (৪০) নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) গভীর রাতে বাড়ির কাছের একটি খাস পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা। প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
নিহত মো. রাকিব নাচোল সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহম্মদপুর দিঘীপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে। তিনি গ্রামে গ্রামে ঘুরে ছিট কাপড় বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর রাকিব আর ফিরে আসেননি। পরে পরিবারের সদস্যরা তাঁর খোঁজাখুঁজি শুরু করেন। রাত সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বেড়াচকি নামক স্থানে একটি খাস পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান পরিবারের সদস্য ও স্থানীয়রা।
রোববার (১৮ অক্টোবর) ভোররাতে পুকুর থেকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। পরে সকাল ৮টার দিকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাচোল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনোভাবে পানিতে ডুবে রাকিবের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, পরিবারের সদস্য ও স্থানীয়দের ধারণাও একই রকম। পারিবারিক সূত্রে জানা গেছে, রাকিব মানসিক সমস্যায় ভুগছিলেন।
ওসি আরও জানান, এ ঘটনায় নাচোল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।