শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 25, 2026
September 25, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

সাত দিনের মধ্যে পুনরায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

Published: September 25, 2026 at 12:49 PM
সাত দিনের মধ্যে পুনরায় হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের


যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সাত দিনের মধ্যে পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। নিউইয়র্কে অবস্থানরত দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন আরাঘচি। মার্কিন দৈনিক দ্য নিউইয়র্ক টাইমস ও ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ হলে আগামী সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি দিয়ে নৌ চলাচল পুনরায় চালু করা হবে এবং আলোচনা শুরু হতে পারে।

ইরানের প্রস্তাবের আওতায় যুদ্ধ বন্ধের পাশাপাশি হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল ফিরিয়ে আনার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে, গত মঙ্গলবার ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জাপানি বার্তাসংস্থা কিয়োদো প্রথম এই প্রস্তাবের খবর প্রকাশ করে। তবে ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম কিয়োদোর সেই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে, এ বিষয়ে তেহরানের কর্তৃপক্ষের পক্ষ থেকেও অবস্থান স্পষ্ট করা হয়নি।

মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে বসেন আরাঘচি। এর আগেও চলমান যুদ্ধ বন্ধ এবং নৌপথটি খুলে দেওয়ার বিনিময়ে সাতটি শর্ত দিয়েছিল তেহরান।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরাঘচির বরাত দিয়ে বলা হয়েছে, ইরানের নতুন এই প্রস্তাবে লেবাননসহ পুরো মধ্যপ্রাচ্যে সাত দিনের জন্য সব ধরনের সামরিক সংঘাত পুরোপুরি বন্ধের আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি, বিভিন্ন দেশে অবরুদ্ধ করে রাখা ইরানের অন্তত ১ হাজার ২০০ কোটি (১২ বিলিয়ন) ডলারের সম্পদ বাজেয়াপ্ত অবস্থা থেকে মুক্ত করা, ইরানি তেলের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের বিরুদ্ধে জারি থাকা মার্কিন নৌ-অবরোধ তুলে নেওয়ার দাবি জানানো হয়েছে।