শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: September 25, 2026
September 25, 2026
বিনোদন
বিনোদন

তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না- লিখেছেন রাশমিকা

Published: September 25, 2026 at 12:52 PM
তবুও ওর ওপর ক্রাশ খাওয়া থামে না- লিখেছেন রাশমিকা

বিয়ের পিঁড়িতে বসার পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। বাস্তব জীবনের এই জুটির আসন্ন সিনেমা 'রানাবালি' মুক্তির ঠিক আগমুহূর্তে তাদের মধ্যকার মিষ্টি রসায়ন ও খুনসুটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

সম্প্রতি সিনেমাটির ‘এন্ধাইয়া সামি’ গানের একটি ক্লিপ ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন রাশমিকা। সেখানে বিজয়কে নিয়ে নিজের ভালো লাগার কথা প্রকাশ করতে গিয়ে তিনি লেখেন, ‌‘এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।’


রাশমিকার এই পোস্টের জবাবও দিয়েছেন বিজয়। তিনি লেখেন, ‘আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।’

সিনেমায় বিজয় অভিনয় করেছেন নাম-ভূমিকায় ‘রানাবালি’ চরিত্রে। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মা চরিত্রে। রানাবালি সিনেমার গল্পের পটভূমি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় ১৮৭৬-৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ। আইএমডিবির তথ্য অনুযায়ী, ১৮৭০-এর দশকের দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন এবং নিজের অঞ্চল ও মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন।

সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। এই চরিত্রটিই রানাবালির অন্যতম প্রধান প্রতিপক্ষ। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। রানাবালি ২০২৬ সালের ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।