নাচোল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের একটি দল ফিবোনাচি ইন্টারন্যাশনাল রোবট এন্ড স্টেম অলিম্পিয়ার্ড(এফআইআরএসও) বাংলাদেশ ন্যাশনাল রাউন্ড -২০২৬ এর এ প্রথম স্থান অর্জন করেছে। রাজধানী ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে গত ১০সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য দেখিয়ে তারা এ কৃতিত্ব অর্জন করে।
জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে দলটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতালিতে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল গ্লোবাল ফাইনাল রাউন্ডে-এ অংশগ্রহণের সুযোগ পেয়েছে। নাচোলের শিক্ষার্থীদের এমন সাফল্যে প্রতিষ্ঠানটির শিক্ষক, মেন্টর, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। বিজয়ী দলের সদস্যরা হলো আব্দুল্লাহ আল মোসাব্বির, সারোয়ার জাহান, খালিদ আল সজিব, তানভীর আহমেদ সিয়াম ও ইশতিয়াক আহমেদ শান্ত।
কলেজ সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে মোট পাঁচটি দল আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। নাচোলের শিক্ষার্থীদের এই অর্জন রোবোটিক্স, স্টেম ও ইনোভেশনের ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরেছে। নাচোল সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রহিম জানান, কলেজের দীর্ঘদিনের পরিশ্রম, শিক্ষক ও মেন্টরদের দিকনির্দেশনা, আয়োজকদের সহযোগিতা এবং সবার দোয়া ও শুভ কামনাই তাদের এই সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
নাচোল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান বলেন, “তাদের কঠোর পরিশ্রমেরই এই ফসল। আন্তর্জাতিক পর্যায়ে তারা আরও ভালো করবে এই প্রত্যাশা করছি।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস মুঠো ফোনে কৃতি শিক্ষার্থীদের জন্য শুভ কামনা জানিয়ে বলেন, নাচোলের এই প্রতিভাবান শিক্ষার্থীরা জাতীয়ভাবে সাফল্য অর্জন করে আমাদের নাচোলে মুখ উজ্জ্বল করেছে। ইতালির আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ভালো ফলাফল অর্জন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে নতুন করে পরিচিত করাবে এই প্রত্যাশা করছি।
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ
সদস্য ড. মিজানুর রহমান
বলেন, আমার এলাকার নাচোলের শিক্ষার্থীরা ইতালিতে যাওয়ার সুযোগ পেয়েছে এটি অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।
তাদের অভিনন্দন জানাই এবং মঙ্গল কামনা করছি।