নাচোল উপজেলায় স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির মামলায় আন্ত:জেলা চোরচক্রের সদস্য ও ২২টি চুরি, ছিনতাই, মাদক সহ বিভিন্ন থানায় দায়ের বিভিন্ন অপরাধের মামলার আসামী আরিফুল ইসলাম ওরফে ভটাকে তার দুই সহযোগি সহ ঢাকা মহানগরের দক্ষিণখান ও চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকাল থেকে দিবাগত রাত সাড়ে ১২টা আজ পর্যন্ত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে নাচোল থানা পুলিশ।
গ্রেপ্তার ভটা চাঁপাইনবাবগঞ্জ শহরের পিটিআই বস্তির দুলালের ছেলে। এছাড়া গ্রেপ্তার রানা আহমেদ একই এলাকার শহীদুল ইসলামের ছেলে এবং স্নেহাংশু ওরফে সেনু কর্মকার সদরের নয়নশুকা কামারপাড়া মহল্লার মৃত দুলু চন্দ্র কর্মকারের ছেলে। অভিযানকালে গ্রেপ্তারদের নিকট থেকে উদ্ধার হয় ২৬ হাজার টাকা মূল্যেও সাড়ে ৭ভরি ওজনের ব্রোঞ্চের উপর স্বর্ণের প্রলেপ দেয়া ৩টি বালা, ১৫ হাজার টাকা মূল্যের ১ আনা ৫ রতি ওজনের ১১টি পাথর বসানো স্বর্ণের নাকফুল ও স্বর্ন বিক্রির নগদ ২০ হাজার টাকা।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, গত ৫ জুলাই নাচোল মধ্য বাজার এলাকায় বাবু নামে একব্যক্তির বাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। চোর দল ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ২ লক্ষ টাকা নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশ পূর্বে ৫ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে স্বর্নচোর ভটার শ্যালক ও ১২ মামলার আসামী সাকিব হোসেন রয়েছে। তাঁর নিকট থেকে উদ্ধার হয় ২ আনা গলানো স্বর্ণ। ওসি আরও বলেন, আজ উদ্ধার স্বর্ণ মূল স্বর্ণালংকার গলিয়ে নতুন করে তৈরী করা। গ্রেপ্তারদের ঢাকা থেকে এনে আজ বিকালে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে। বাকী স্বার্ণলংকার ও টাকা উদ্ধার এবং চোর চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।