হিমালয়ের ভূমিধসে ৯৩ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। একই সাথে, ত্রাণ কর্মকর্তারা আরো বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন। শুক্রবার রেড ক্রসের কর্মকর্তারা এই আশঙ্কা প্রকাশ করেছেন।
নেপালে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি ফেডারেশনের প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা মনে করি যে অন্তত ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের সাহায্যের তীব্র প্রয়োজন।”
ফিশার জানান, ভূমিধসের কারণে তৈরি একটি হ্রদের পাড় ভেঙে যাওয়ার পরে সংস্থাটির ত্রাণ সরবরাহের ট্রাকগুলো আটক পড়েছিল। সাময়িকভাবে উদ্ধার তৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছিল।
দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য জাতিসংঘের অফিসের প্রধান কমল কিশোর আরো বিপর্যয়ের জন্য সতর্ক করে দিয়ে বলেছেন, “এক অর্থে, বিপর্যয় এখনো পুরোপুরি শেষ হয়নি। এটি এখনো কিছু উপায়ে প্রকাশ পাচ্ছে।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারেভিচ একই ব্রিফিংয়ে জানিয়েছেন, ভূমিধসে ছয়টি স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আটজন স্বাস্থ্যসেবা কর্মী নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, “এই মাত্রার দুর্যোগের পর বাস্তুচ্যুতি, অতিরিক্ত ভীড় এবং পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার কারণে ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের অসুস্থতাসহ সংক্রামক রোগের ঝুঁকি বাড়তে পারে।”